নাইকির সঙ্গে প্রায় ২০ বছরের সম্পর্কের ইতি টানলেন কাইলিয়ান এমবাপে। নতুন করে চুক্তি করেছেন টেনিস কিংবদন্তি রজার ফেদেরারের মালিকানাধীন ক্রীড়া প্রস্তুতকারক ব্র্যান্ড অনের সঙ্গে। নাইকির সাথে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে সুইস স্পোর্টস ব্র্যান্ড অনের সাথে যুক্ত হওয়াটা ছিল এক চমকপ্রদ সিদ্ধান্ত। ব্র্যান্ডটি এখনও তাদের প্রথম ফুটবল বুট বাজারে আনেনি। বাজারে অনের প্রধান মুখ হতে যাচ্ছেন এমবাপে। ২০২৭ সালে ব্র্যান্ডটির প্রথম ফুটবল বুট বাজারে আসার কথা রয়েছে। ফরাসি তারকাকে পাওয়া বিশাল সাফল্য বলে মনে করছে অন। ২০২৬ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর এমবাপে ২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন। ২৭ বর্ষী এমবাপের সাথে অনে যোগ দিয়েছেন তার স্বদেশী কিংবদন্তি এবং সাবেক খেলোয়াড় থিয়েরি অঁরি। যিনি কোম্পানিটির ফুটবল ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২০১০ সালে যাত্রা শুরু করা অনের কিছু অংশের মালিকানা রজার ফেদেরারের। ২০১৯ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে তা কেনেন তিনি। প্রথাগত কোনো এনডোর্সমেন্ট বা প্রচারণামূলক চুক্তির পরিবর্তে, ফেদেরার একজন সহ-উদ্যোক্তা এবং বিনিয়োগকারী হিসেবে ব্র্যান্ডটির সাথে যুক্ত হয়েছিলেন। জানা যায়, তিনি কোম্পানিটিতে আনুমানিক ৩ শতাংশ মালিকানার জন্য প্রায় ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেন কিংবদন্তি টেনিস খেলোয়াড়। অন্যদিকে ২০০৬ সালে নাইকি এমবাপের সঙ্গে চুক্তি করেছিল। তখন তার বয়স ছিল আট বছর। সে থেকে ব্র্যান্ডটি এমবাপের পৃষ্ঠপোষক।