সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় বাবার মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন এই গায়িকা।
সালমা ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ সালমার বাবা ফজলুল হকের আকস্মিক এ বিদায়ে তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এবং কোথায় কখন জানাজা ও দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এদিকে সাম্প্রতিক সময়ে নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। কিছুদিন আগে ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পেয়েছে তার। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত গানটির ভিডিও দর্শকদের মধ্যেও সাড়া ফেলেছে।
এর পাশাপাশি দীর্ঘ বিরতির পর আবারও লালনগীতিতে কণ্ঠ দিয়েছেন সালমা। গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ গানটির রেকর্ডিং সম্প্রতি শেষ করেছেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।
এ ছাড়া রোহান রাজের আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে গাওয়া গানটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশ পাওয়ার কথা ছিল।