জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ ও উদযাপন উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে বিশেষ ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’। আগামী ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। জনপ্রিয় ব্যান্ড ও একক শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
‘মুনসুন কালচারাল অ্যালায়েন্স’-এর উদ্যোগে এবং ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ প্ল্যাটফর্মের সহযোগিতায় আয়োজিত এ কনসার্টে মঞ্চ মাতাবে দেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা ও কুঁড়েঘর।
ব্যান্ডগুলোর পাশাপাশি একক পরিবেশনায় থাকবেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবং র্যাপার সেজান। এছাড়া মঞ্চে গান শোনাবেন নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান, কাজী আহনাফ তাহমীদসহ আরও কয়েকজন শিল্পী।
কনসার্টকে সামনে রেখে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন আসিফ আকবর। সেখানে তিনি তার জনপ্রিয় গান ‘বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ’–এর অংশ উদ্ধৃত করে ৫ আগস্টের এই আয়োজন উপভোগ করতে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকেও জানানো হয়েছে, কনসার্টে তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।
এদিকে কুঁড়েঘর ব্যান্ডের ভোকাল তাশরিফ খান এক ভিডিও বার্তায় বলেন, ৫ আগস্ট আমরা কুঁড়েঘর ব্যান্ড নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি। ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে সবাইকে গান শোনাব। সবাই চলে আসবেন, দেখা হবে।
আয়োজকদের দাবি, সংগীতের মাধ্যমে জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে কনসার্টটি দর্শকদের জন্য একটি স্মরণীয় সাংস্কৃতিক আয়োজনে পরিণত হবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।