বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে গেল শুক্রবার নেমে আসে যেন এক স্বর্ণালী সন্ধ্যা। কারণ, এদিন মঞ্চ মাতাবেন এই উপমহাদেশের একজন কিংবদন্তি; যার কণ্ঠে এখনও বুঁদ দেশের সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানের নির্ধারিত সময়ের আগে দর্শকে টুইটম্বুর মিলনায়তন। অপেক্ষার প্রহর গুনছেন সকলে; তাদের কাছে সময়টাও যেন থমকেই ছিল তখন। ঘড়ির কাঁটা সাতের ঘরে পড়তেই চিরচেনা রূপে মঞ্চে উঠে এলেন দেশের সকল শ্রোতাদের হার্ট থ্রব; উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা।
প্রিয়, বরেণ্য শিল্পীকে দেখার অপেক্ষার প্রহর শেষ হলেও যেন চোখ সরানো দায়। রুনা লায়লার উপস্থিতিই মুগ্ধ করেছে তার ভক্ত-শ্রোতাদের। তবে বিশাল এই মিলনায়তনে দর্শকে পরিপূর্ণ হলেও অনেকে টিকিট না পেয়ে আক্ষেপ করেছেন। আয়োজকরা বলছেন, টিকিট বিক্রি শুরুর প্রথম দিনেই সব টিকিট বিক্রি হয়ে যায়।
রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রুনা লায়লা তখন মঞ্চে। দর্শকেরা অভিবাদন জানাচ্ছেন শিল্পীকে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এদিন রুনা লায়লাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মও উপস্থিত ছিলেন।
সম্মাননা গ্রহণের পর মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে ‘দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন রুনা লায়লা। এরপর আরও কিছু গান করেন; তার পরিচিত গানগুলোতে গলা মেলান আসনে থাকা দর্শকেরা। প্রায় দেড় ঘণ্টার পরিবেশনায় তিনি আধুনিক গান, চলচ্চিত্রের গান ও দেশাত্মবোধক সংগীত মিলিয়ে প্রায় ১০টি গান পরিবেশন করেন। প্রতিটি গান হৃদয় ছুঁয়ে যায় রুনা লায়লার ভক্ত-শ্রোতাদের।
শিল্পকলা মিলনায়তনে গান পরিবেশন করছেন রুনা লায়লা।
শিল্পকলার এই আয়োজনকে বেশ সাধুবাদ জানিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত এই শিল্পী। বলে রাখা ভালো, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এটিই প্রথম একক অনুষ্ঠান শিল্পীর। সম্মাননা পেয়ে যেমন আনন্দিত তিনি; একইসঙ্গে এই আয়োজনের মাধ্যমে বন্যা দূর্গতদের জন্য শিল্পকলার এই আয়োজনকে সাধুবাদ জানান রুনা লায়লা।
এক বক্তব্যে রুনা লায়লা বললেন, ‘অনেক বছর পরে হলেও এ ধরনের আয়োজনের জন্য শিল্পকলা একাডেমিকে সাধুবাদ জানাই। ভালো লাগছে যে আপনারা একটা ভালো কাজে এগিয়ে এসেছেন, ভালো কাজে যোগ দিয়েছেন। আমরা সবাই যেন দেশকে ভালোবেসে কাজ করি।’
উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা
দুই নয়, তিন নয়; ছয়- ছয় দশকের ক্যারিয়ার রুনা লায়লার। সেই সোনালী পর্দার যুগের শিল্পী তিনি। ক্যারিয়ারে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি ও পশতুসহ ১৮টি ভাষায় গান গেয়েছেন। করাচি, বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিজেও রুনা লায়লার ছিল ব্যাপক দাপট। এখন উপমহাদেশের বহু প্রবীণ, খ্যাতিমান শিল্পীরা তার নামের শেষে ‘জি’ তথা ‘রুনা লায়লা জি’ হিসেবে সম্মান দিয়ে অভিহিত করেন। এমন এক কিংবদন্তিকে নিয়ে আয়োজন ঢাকার শিল্পকলার মঞ্চে বিশাল গুরুত্ব বহন করে- মনে করেন সংশ্লিষ্টরা।
সবশেষ, এদিন রাত সোয়া ৯টার দিকে ‘দমাদম মাস্ত কালান্দার’ গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।