ওপেনএআই ও এর সিইও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে ইলন মাস্কের আইনি লড়াই একটি বড় মোড় নিতে যাচ্ছে। এই দুই পক্ষের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব চূড়ান্ত বিচারের মুখোমুখি হবে।
মাস্ক অভিযোগ করেছেন যে ওপেনএআই তার প্রাথমিক অলাভজনক লক্ষ্য থেকে সরে এসে মাইক্রোসফটের অনুগত একটি মুনাফাভোগী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
ইলন মাস্কের এমন অভিযোগে করা মামলার বিচার শুরু হচ্ছে সোমবার।
জুরি নির্বাচন দিয়ে প্রক্রিয়া শুরু হবে।
সান ফ্রান্সিসকোর উপসাগরের ওপারে আদালতে এই আইনি লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং এমন এক স্টার্টআপ, যাকে এক সময় সমর্থন করেছিলেন মাস্ক। কিন্তু এখন দ্রুত বিকাশমান এআই খাতে যার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওকল্যান্ড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ওপেনএআই’র চ্যাটজিপিটি হলো মাস্কের এক্সএআই ল্যাবের তৈরি চ্যাটবট গ্রক-এর এক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।
মাস্ক ও ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ব্যক্তিগত দ্বন্দ্বের অংশ হলেও, এই মামলা বড় একটি প্রশ্ন সামনে আনছে। আর সেটি হলো, এআই কি কেবল বিশেষ সুবিধাভোগীদের জন্য, নাকি পুরো সমাজের কল্যাণে কাজ করবে?
আদালতের নথিতে বলা হয়েছে, ২০১৫ সালে অল্টম্যান মাস্ককে ওপেনএআইতে বিনিয়োগে রাজি করান। এটি ছিল একটি অলাভজনক গবেষণাগার, যার প্রযুক্তি ‘বিশ্বের জন্য উন্মুক্ত’ থাকার কথা।
মাস্ক এতে কোটি কোটি ডলার বিনিয়োগ করেন। পরে তিনি প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যান।
তবে প্রযুক্তি চালাতে বিপুল ডেটা সেন্টারের জন্য কয়েক শত বিলিয়ন ডলারের প্রয়োজন হওয়ায় ওপেনএআই একটি বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গড়ে তোলে।
মাইক্রোসফট ওপেনএআইতে বিপুল বিনিয়োগ করেছে। তাদের প্রধান নির্বাহী সত্য নাদেল্লাও এই বিচারে সাক্ষ্য দিতে পারেন।
মাস্ক তার মামলায় দাবি করেছেন, ওপেনএআই’র লক্ষ্য নিয়ে তাকে প্রতারিত করা হয়েছে।
অন্যদিকে সান ফ্রান্সিসকোভিত্তিক ওপেনএআই আদালতে দাখিল করা নথিতে বলেছে, মাস্কের সঙ্গে বিচ্ছেদের কারণ ছিল তার পূর্ণ নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা।
সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে ওপেনএআই বলেছে, ‘এই মামলা সব সময়ই ইলনের আরও ক্ষমতা ও অর্থ পাওয়ার প্রচেষ্টার অংশ।’
তারা আরও বলেছে, ‘এটি মূলত প্রতিদ্বন্দ্বীকে ধীর করার উদ্দেশে চালানো এক ধরণের হয়রানিমূলক প্রচারণা, যা অহং, ঈর্ষা ও স্বার্থে চালিত।’
স্টার্টআপটি আরও জানায়, ২০২৩ সালে মাস্ক নিজে এআই প্রতিযোগিতায় নামার কয়েক দিনের মধ্যেই উন্নত এআই উন্নয়ন ছয় মাসের জন্য স্থগিতের আহ্বান জানান।
জুরি বোর্ডের মতামতের ভিত্তিতে বিচারক মে মাসের মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত দেবেন। ওপেনএআই কি নেতৃত্বের লক্ষ্যে কোনো প্রতিশ্রুতি ভেঙেছে, নাকি কৌশলে প্রযুক্তির অগ্রযাত্রাকে কাজে লাগিয়েছে, তা নির্ধারণ করা হবে।
মাস্কের মামলায় ওপেনএআইকে আবার পুরোপুরি অলাভজনক প্রতিষ্ঠানে ফেরানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি অল্টম্যান ও সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যানকে অপসারণের আহ্বান রয়েছে।
মাস্ক প্রথমে ১৩৪ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করলেও, পরে ব্যক্তিগত সুবিধা থেকে সরে দাঁড়ান।
তিনি বলেছেন, যে কোনো অর্থ পুরস্কার ওপেনএআই’র অলাভজনক অংশে দেওয়া হবে।