আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশ হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করল ফকল্যান্ড।
ছবি: ফকল্যান্ড আইসল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে দূরে, আটলান্টিক মহাসাগরের বুকে ছোট্ট এক দ্বীপপুঞ্জ ফকল্যান্ড। প্রথমবারের মতো সেখানে আয়োজিত হলো আন্তর্জাতিক ক্রিকেট। আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশ হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ইতিহাসে নাম লেখাল তারা।
আরেকটি ইতিহাসও গড়েছে ফকল্যান্ড। ‘আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার’ স্বীকৃত কোনো প্রতিযোগিতা এই প্রথম আয়োজিত হলো দ্বীপপুঞ্জটিতে।
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জকে ব্রিটিশরা ‘ফকল্যান্ডস’ এবং আর্জেন্টাইনরা ‘মালভিনাস’ নামে চেনে। সেই দ্বীপগুলোর সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
১৯৮২ সালে এই দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশ একটি সংক্ষিপ্ত যুদ্ধে জড়ায়, যেখানে ৬৪৯ জন আর্জেন্টাইন সৈন্য এবং ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। শেষ পর্যন্ত ব্রিটেন এই যুদ্ধে জয়ী হয়।
আর্জেন্টিনার দীর্ঘদিনের দাবি, ১৮১৬ সালে স্বাধীনতার পর তারা স্পেনের কাছ থেকে এই দ্বীপপুঞ্জের উত্তরাধিকার লাভ করে এবং ১৮৩৩ সালে ব্রিটেন একটি অবৈধ ঔপনিবেশিক পদক্ষেপের মাধ্যমে এর নিয়ন্ত্রণ কেড়ে নেয়।
গত ফুটবল বিশ্বকাপের সেমি-ফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের লড়াইয়ের আগে আলোচনায় উঠে আসে ফকল্যান্ড। এবার নিজেদের দারুণ কীর্তিতে সংবাদ শিরোনাম হলো তারা।
রাজধানী স্ট্যানলির প্লাটিনাম গ্রাউন্ডকে নিজেদের দুর্গ বানিয়ে কোস্টা রিকাকে স্রেফ উড়িয়ে দিয়েছে ফকল্যান্ড। পুরুষদের টি-টোয়েন্টি সিরিজে সফরকারীদের ৬-২ ব্যবধানে হারিয়েছে তারা।
ফকল্যান্ডের জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। পুরো জনসংখ্যাকে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বসিয়ে দিলেও সেখানে প্রায় ১ লাখ ২৮ হাজার আসন ফাঁকা পড়ে থাকবে। আইসিসি সদস্যদের মধ্যে জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সেন্ট হেলেনার জনসংখ্যাও ফকল্যান্ডের চেয়ে অন্তত এক হাজার বেশি।
ফকল্যান্ডে যাতায়াত ব্যবস্থাও বেশ কঠিন। সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে সেখানে। যেটা যায় চিলির সান্তিয়াগো থেকে। কৌতূহলী ভ্রমণকারীদের সুবিধার্থে এখানকার পর্যটন বোর্ডের ওয়েবসাইটে আলাদা করে ‘কীভাবে আসবেন’ শীর্ষক একটি ট্যাবও রাখতে হয়েছে। অ্যান্টার্কটিকা অভিযানে যাওয়া মানুষরা মাঝেমধ্যে এখানে যাত্রাবিরতি করেন। তবে এখানকার বেশিরভাগ দর্শনার্থীই আসেন সামরিক দায়িত্ব পালনের কাজে।
স্ট্যানলি শহরের এই প্ল্যাটিনাম ওভাল মাঠটি নিউ জিল্যান্ডের ডানেডিন ও কুইন্সটাউনের আন্তর্জাতিক মাঠগুলোর চেয়েও আরও দক্ষিণে অবস্থিত এবং অ্যান্টার্কটিকা ভূখণ্ড থেকে মাত্র এক হাজার কিলোমিটারের সামান্য বেশি দূরে। এসব দিক বিবেচনায় নিলে, এখানে যেকোনো ধরনের ক্রিকেট খেলা আয়োজন করাই কঠিন, আর বিদেশি অতিথি দলকে আতিথেয়তা দিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করার সুযোগ তো আরও সীমিত।
তবে এত সব প্রতিবন্ধকতা সত্ত্বেও, ক্রিকেটের আঙিনায় নিজেদের উপস্থিতি জানান দেওয়ার ফকল্যান্ডের অদম্য ইচ্ছাকে দমিয়ে রাখা যায়নি। কোস্টারিকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ শেষে আইসিসি ডিজিটালকে ফকল্যান্ডের অধিনায়ক, কোচ ও সচিব সেসিল আলেকজান্ডার তুলে ধরেন নানা চ্যালেঞ্জের কথা।
“যেকোনো কিছু আয়োজনের পরিকল্পনা করতে আমাদের এক বছরেরও বেশি, কখনও প্রায় এক বছর সময় লাগে। শুধু বিমানের টিকেটের বিষয় নয়। মানুষকে কাজ থেকে ছুটি নিতে হয়। অর্থের সংস্থান করতে হয়। কোস্টা রিকা আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছিল বলেই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন সম্ভব হয়েছে।
“দেশে সপ্তাহে মাত্র একটি বিমান আসা-যাওয়া করে। সেটির সঙ্গে মিলিয়ে সবকিছু আয়োজন করা বেশ কঠিন।”
সীমিত সময়ের মধ্যে আটটি ম্যাচ খেলতে হয় দুই দলকে। সিরিজের মাঝপথে প্রতিকূল আবহাওয়া ও মাঠের অবস্থার কারণে সূচিতেও পরিবর্তন আনতে হয়। সেই বিষয়টিও তুলে ধরেন আলেকজ্যান্ডার।
“এখানকার আবহাওয়া আদর্শ নয়। কখনও প্রচণ্ড বাতাস থাকে, তাপমাত্রাও খুব বেশি থাকে না। তাই এমন কিছু আয়োজনের কথা ভাবাটাও বেশ চ্যালেঞ্জিং। কারণ, অনেক কিছুই ভুল হতে পারে।”
এত প্রতিকূল পরিবেশ ও ভৌগোলিক অবস্থানের পরও ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস বেশ পুরোনো। অন্তত ১৯২০ ও ১৯৩০-এর দশক থেকেই সেখানে ক্রিকেট খেলার প্রমাণ পাওয়া যায়। সে সময় স্ট্যানলির স্থানীয় একটি দল সফরকারী জাহাজের নাবিক ও সামরিক বাহিনীর সদস্যদের বিপক্ষে খেলত।
একসময় জনপ্রিয়তা কমে গেলেও ১৯৮০-এর দশকের শেষভাগ ও ১৯৯০-এর দশকে আবার সেখানে নতুন করে গতি পায় ক্রিকেট। ২০০১ সালে ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন গঠনের পর পৃষ্ঠপোষকতা ও তহবিল সংগ্রহের মাধ্যমে ক্রিকেটের প্রসার ঘটতে থাকে। সেই ধারাবাহিকতায় ২০০৭ সালে আইসিসির সদস্যপদ পায় তারা। ২০১৭ সালে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দুই স্তরবিশিষ্ট সদস্যপদ কাঠামো চালুর পর অন্য সহযোগী সদস্যদের সঙ্গে ফকল্যান্ডও সহযোগী সদস্য হয়।
সহযোগী সদস্য পদ অর্জনের নয় বছর পর নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে স্মরণীয় মুহূর্তটি আর হাতছাড়া হতে দেয়নি ফকল্যান্ডের পুরুষ দল। সিরিজের প্রথম দিনেই কোস্টা রিকাকে দুবার হারায় তারা। ১১২ ও ১৪৪ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় স্বাগতিকরা।
রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে সেই সোমবার মাঠে দর্শকের উপস্থিতি দেখে আলেক্সান্ডারের মনে হয়েছিল, যেন পুরো শহরই হাজির হয়েছে।
২০২৫ সালে কোস্টা রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলে ফকল্যান্ড। ওই সিরিজের আগে আলেকজ্যান্ডার কথা দিয়েছিলেন, দলের কেউ ফিফটি করলে তিনি মাথা ন্যাড়া করে ফেলবেন। পরে ফিলিপ স্ট্রাউড ফিফটি করলে নিজের কথা রাখেন তিনি।
এবারের সিরিজেও একই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন ৪৫ বছর বয়সি আলেকজ্যান্ডার। এবারও নিজের ছোট ভাই জ্যাকো আলেকজ্যান্ডারের কাছে হারতে হলো তাকে। ব্যাট হাতে দুর্দান্ত সিরিজ কাটান জ্যাকো, ৭৫-এর বেশি গড়ে করেন ৩৭৬ রান।
আনুমানিক হিসাব অনুযায়ী, ফকল্যান্ডে ২০ থেকে ৪০ বছর বয়সী পুরুষের সংখ্যা প্রায় ৫০০। ফলে ক্রিকেটার খুঁজে পাওয়ার সুযোগ খুবই সীমিত। আইসিসির অনেক ছোট সদস্য দেশের মতো সেখানেও জাতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাধিক দায়িত্ব পালন করতে হয়।
অধিনায়কত্বের পাশাপাশি দলটির কোচের দায়িত্বও সামলান আলেজ্যান্ডার। নারী দল ও বয়সভিত্তিক ক্রিকেটের কোচ হিসেবেও কাজ করেন তিনি। এর বাইরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিবের দায়িত্বও পালন করেন।
দলটির হয়ে খেলেন গত অক্টোবরে ৬৪ বছর পূর্ণ করা অ্যান্ডি ব্রাউনলি। তিনি ফকল্যান্ড আইল্যান্ডস ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের ভাইস চেয়ারম্যানও।
রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?
মিয়ানমারের গণহত্যার দায় ও বাংলাদেশের কূটনৈতিক অগ্রাধিকার
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট