এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অ্যাওয়ার্ডস ২০২৬-এ দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। থাইল্যান্ডের ব্যাংককে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গ্রাসরুটস ফুটবলে সিলভার ক্যাটাগরি এবং ‘মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার’র রুবি ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে বাংলাদেশ। বাফুফের পক্ষে পুরস্কার দুটি গ্রহণ করেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস। চলতি বছর এএফসির দুটি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল বাফুফে। শেষপর্যন্ত দুই ক্যাটাগরিতেই পুরস্কার জিতে নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে বাফুফের বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে এ অর্জনকে। এর আগে ২০২৫ সালে এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবলের ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাফুফে। এবার সিলভার ক্যাটাগরিতে উন্নীত হওয়ার পাশাপাশি মেম্বার অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতেও এসেছে স্বীকৃতি। ফলে টানা দুবছর এএফসির কাছ থেকে গ্রাসরুটস ফুটবলে পুরস্কার পেল বাংলাদেশ। এএফসি মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার পুরস্কারের মাধ্যমে সদস্য দেশগুলোর ফুটবলের সামগ্রিক উন্নয়ন ও কার্যক্রম মূল্যায়ন করা হয়। আন্তর্জাতিক ফুটবলে সাফল্য, ঘরোয়া প্রতিযোগিতা, তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, কোচিং ও রেফারিং কার্যক্রম, নারী ফুটবলের অগ্রগতি এবং সামাজিক দায়বদ্ধতামূলক উদ্যোগসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেয়া হয় পুরস্কারের জন্য। এএফসি প্রেসিডেন্টস রিকগনিশন অ্যাওয়ার্ড ফর গ্রাসরুটস ফুটবল দেয়া হয় তৃণমূল পর্যায়ে ফুটবলের উন্নয়নে সদস্য দেশগুলোর অবদান ও কার্যক্রমের স্বীকৃতি হিসেবে। এক্ষেত্রে গ্রাসরুটস ফুটবলের উদ্যোগ, প্রতিযোগিতা আয়োজন, সামাজিক কার্যক্রম, কোচিং কোর্স, কর্মশালা ও বিনিয়োগের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।