গত সেপ্টেম্বরে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আবারও চোটে পড়েছিলেন পেসার নাহিদ রানা। যে কারণে দ্বিতীয় দফায় তাকে অস্ট্রেলিয়া পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে পৌঁছে চিকিৎসক পিটার দি আলেসান্দ্রোর পরামর্শ নেন এই টাইগার পেসার। এরপর অস্ট্রেলিয়াতেই পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যান তিনি।
গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিসিবির চিকিৎসকদের কাছেও নিজের অবস্থা পরীক্ষা করিয়েছেন এই পেসার। জানা গেছে, বর্তমানে পুরোপুরি ফিট নাহিদ। পুনর্বাসন শেষে অস্ট্রেলিয়ার মাটিতেই শুরু করেন বোলিং অনুশীলন। কয়েক দিন আগে দেশে ফিরেছেন নাহিদ। অস্ট্রেলীয় চিকিৎসকদের কাছ থেকে ফিটনেসের ছাড়পত্রও পেয়েছেন তিনি।
তবে চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাদা বলের সিরিজে তার খেলা এখনো নিশ্চিত নয়। তাকে দলে বিবেচনার আগে ফিটনেস পরীক্ষা দিতে হবে। পাশাপাশি ওয়ার্কলোড পরীক্ষাতেও উত্তীর্ণ হতে হবে। এসব পরীক্ষায় সফল হলেই দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বিবেচিত হবেন তিনি। শেষ পর্যন্ত তাকে খেলানোর সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, ‘সে ফিট। এখন বাকিটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। তার আগে ওয়ার্কলোড এবং ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে।’
তবে নাহিদ রানাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বিসিবি। পুরোপুরি প্রস্তুতি নিশ্চিত হওয়ার পরই তাকে মাঠে ফেরানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।