যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছয় মাসে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় ৯ লাখ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির অনুমোদন দিয়েছে। এসব চিপ তৈরি করেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত এসব রপ্তানির অনুমোদন দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
কমিটির প্রকাশ করা তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় মোট ৮ লাখ ৭৯ হাজার চিপ রপ্তানির অনুমোদন দিয়েছে। এর মধ্যে চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লাখ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির জন্য ৪ হাজার চিপ রয়েছে।
তবে ওই ছয় মাসে চীনে ৩৪ লাখ চিপ পাঠানোর অনুমতি চেয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠান। কমিটির প্রকাশ করা নথিতে এ তথ্য উঠে এসেছে।
চিপ রপ্তানির অনুমোদনসংক্রান্ত তথ্য প্রকাশের ঘটনাকে অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। কারণ, এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে চীনের এক কথিত গুপ্তচরের সম্পর্কের খবর প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বেড়েছে। এ ঘটনায় চীনের প্রযুক্তিগত হুমকি মোকাবিলায় আরো কঠোর অবস্থান নেওয়ার দাবি নতুন করে জোরালো হয়েছে।
কমিটির প্রতিবেদনে উল্লেখ করা চারটি চীনা প্রতিষ্ঠানই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তালিকায় রয়েছে। এসব প্রতিষ্ঠানকে চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হয়।
প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট রপ্তানি নিয়ন্ত্রণ সংস্কার আইনের আওতায় এনভিডিয়া ও এএমডির এআই চিপ রপ্তানির লাইসেন্স আবেদনের তথ্য প্রকাশ করেছেন। কমিটির এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। তবে অনুমোদন পাওয়া চিপগুলোর কতগুলো শেষ পর্যন্ত চীনে পাঠানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অনুমোদিত চিপগুলোর মধ্যে রয়েছে এনভিডিয়ার এইচ২০০ এবং এএমডির একই শ্রেণির এমআই৩২৫এক্স চিপ।
এদিকে জেনসেন হুয়াংকে ঘিরে প্রকাশিত খবরের পর চীনে এনভিডিয়ার এআই চিপ পাচারের কয়েকটি ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এতে চীনের প্রযুক্তিগত হুমকি মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ওপর আরো কঠোর পদক্ষেপ নেওয়ার চাপ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা এবং চীন-যুক্তরাষ্ট্র প্রযুক্তি প্রতিযোগিতাবিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ম্যাকগুয়ার এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, ‘চীনে পাঠানো এআই চিপের ৩০ শতাংশের বেশি এমন প্রতিষ্ঠানের কাছে গেছে, যেগুলোকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রণালয় চীনের সামরিক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছে। বিষয়টি বিস্ময়কর। এসব চিপ রপ্তানির অনুমোদন দেওয়ার আগে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।’
এনভিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, চিপ রপ্তানির অনুমোদনগুলো কঠোর শর্ত এবং সীমিত পরিমাণের ভিত্তিতে দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি আরো বলেছে, কিছু রপ্তানি লাইসেন্স পেলেও তারা পরে চীনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে এএমডির সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছিল। তাদের আশঙ্কা ছিল, এসব চিপ চীনের সামরিক সক্ষমতা বাড়িয়ে দিতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অগ্রণী অবস্থানকে দুর্বল করতে পারে।
তবে গত ডিসেম্বরে ট্রাম্প এনভিডিয়াকে চীনে এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দেন। এর মধ্য দিয়ে বাইডেন প্রশাসনের সময়কার বিধিনিষেধ শিথিল করা হয়। এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক অবস্থানের চীনবিরোধী নীতির সমর্থকেরা।
এদিকে খবরটি প্রকাশের দিন শেয়ারবাজারে এনভিডিয়া ও এএমডির শেয়ারের দাম কমেছে। এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ৩ দশমিক ৩ শতাংশ। এএমডির শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৭ শতাংশ। একই দিনে প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক কমেছে ২ দশমিক ২ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ১ দশমিক ৮ শতাংশ।