দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আগামী বৃহস্পতিবার থেকে আবারও বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করছে মালয়েশিয়া। প্রথম দফায় ১১২ জন কর্মী বিনা খরচে উদ্দেশে রওনা হবেন।
নিয়োগ সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও কর্মী শোষণের অভিযোগে বারবার বন্ধ হওয়া শ্রমবাজারটিতে নতুন করে যাত্রা শুরু হচ্ছে। এ উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।
সরকারি ব্যবস্থাপনায় ১১২ জন কর্মীকে নিয়োগ দিয়েছে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।
বোয়েসেলের কর্মকর্তারা জানান, বিমানভাড়া ও অভিবাসনসংশ্লিষ্ট অন্যান্য ব্যয়সহ সব খরচ বহন করবে মালয়েশীয় নিয়োগকারী প্রতিষ্ঠানটি।
এই যাত্রার মধ্য দিয়ে প্রথম পর্যায়ে বিনা অভিবাসন ব্যয়ে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর সরকারি উদ্যোগ শুরু হবে।
দুই দেশের মধ্যে শ্রমিক নিয়োগের অতীত অভিজ্ঞতা ছিল নানা সমস্যায় জর্জরিত। শ্রমবাজারটি বারবার চালুর উদ্যোগ নেওয়া হলেও সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২২-২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়। তবে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের বিরুদ্ধে অতিরিক্ত অভিবাসন ব্যয় আদায়, দুর্নীতি ও কর্মী শোষণের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুনে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।
এর আগে ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ ও ২০১৯-২০২২ সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ ও নিয়োগ কার্যক্রমে বিঘ্ন ঘটে। এসব সময়েও নিয়োগ সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ বারবার প্রক্রিয়াটিকে প্রভাবিত করেছে।
এমন প্রেক্ষাপটে আগের নিয়োগব্যবস্থা থেকে সরে এসে নতুন উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেল কর্মী বাছাইয়ে লটারিভিত্তিক পদ্ধতি চালু করেছে।
বোয়েসেলের তথ্য অনুযায়ী, বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির জন্য ৬-৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট চার হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এর মধ্যে স্বয়ংক্রিয় লটারি পদ্ধতিতে প্রাথমিকভাবে ৩০০ জন আবেদনকারীকে বাছাই করা হয়।
তবে প্রাথমিকভাবে বাছাই হওয়া কয়েকজন প্রার্থী দুই দিনব্যাপী অনুষ্ঠিত সাক্ষাৎকারে উপস্থিত হননি। পরে বাদ পড়া প্রার্থীদের বাইরে রেখে অবশিষ্ট আবেদনকারীদের মধ্য থেকে নতুন করে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে বাছাই করে বোয়েসেল।
পরীক্ষার মাধ্যমে শেষ পর্যন্ত ১১২ জন কর্মীকে বাছাই করে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।
রাশেদুল হক বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় যোগ্য ও দক্ষ কর্মী নিয়োগের জন্য বোয়েসেল এবারই প্রথম লটারিভিত্তিক বাছাই পদ্ধতি চালু করেছে।
তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা এবং নিয়োগ বাবদ কোনো অর্থ ব্যয় ছাড়াই যেন কর্মীরা বিদেশে চাকরি পেতে পারেন, তা দেখানোই এ উদ্যোগের উদ্দেশ্য।
বিনা খরচে কর্মী পাঠানোর এ উদ্যোগের পাশাপাশি ২৫টি রিক্রুটিং এজেন্সি ও ৩১২টি সহযোগী এজেন্সির মাধ্যমে আলাদা নিয়োগব্যবস্থাও চালু রয়েছে।
চলতি মাসের শুরুতে নিয়মিত নিয়োগব্যবস্থার আওতায় মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করে সরকার। নির্ধারিত অঙ্কের চেয়ে বেশি অর্থ আদায়কারী এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
তবে বোয়েসেলের এই উদ্যোগে কর্মীদের কোনো অর্থ দিতে হচ্ছে না। সব ব্যয় বহন করছে মালয়েশীয় নিয়োগকারী প্রতিষ্ঠান।