এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২৩ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট বিভাগে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২৩ হয়েছে।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুদের মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া শিশুদের মধ্যে সাত মাস বয়সি ইরফান হবিগঞ্জের লাখাই উপজেলার বাসিন্দা নিজাম উদ্দিনের ছেলে। অপর দুজনই আট মাস বয়সি; তাদের মধ্যে খুদেজা সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাসিন্দা আব্দুল হকের মেয়ে এবং মাহিন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা কাওসারের ছেলে।
এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫৫ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২২৩ জনের মধ্যে পরীক্ষাগারে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। বাকিদের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এ ছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত পরীক্ষাগারে সিলেট বিভাগের এক হাজার ৮০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানান হয়েছে।
হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট
কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ
এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?