বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরুর আগেই এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বাজারমূল্য বেড়ে ১.৫ ট্রিলিয়ন ডলারে (১.১৪ ট্রিলিয়ন পাউন্ড) দাঁড়িয়েছে।
জনপ্রিয় চ্যাটবট 'ক্লড'-এর নির্মাতা এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, নিউ ইয়র্কভিত্তিক প্রযুক্তি শেয়ারবাজার 'নাসডাক'-এ তালিকাভুক্ত হওয়ার সময় তাদের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৮৩ ডলার।
এর ফলে অ্যানথ্রপিক বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হতে যাচ্ছে।
অ্যানথ্রপিকই প্রথম কোনো মার্কিন প্রতিষ্ঠান, যারা শুধুমাত্র এআই নিয়ে কাজ করে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে। দ্রুত বাড়তে থাকা এই খাতের জন্য এটি একটি বড় পরীক্ষাও বটে। কারণ, এআই প্রযুক্তিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করা হলেও তা শেষ পর্যন্ত লাভজনক হবে কি না, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, তারা প্রতিটি শেয়ার ৭০ থেকে ৭৮ ডলারে ছাড়বে। সে হিসাবে কোম্পানিটির বাজারমূল্য হতো সর্বোচ্চ ১.৩ ট্রিলিয়ন ডলার।
তবে নাম প্রকাশ না করার শর্তে অ্যানথ্রপিকের একজন প্রাথমিক বিনিয়োগকারী বিবিসিকে জানান, প্রতিষ্ঠানটির আইপিও বা প্রাথমিক শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ অনেক বেশি।
তিনি জানান, বাজারে আসার আগেই নির্ধারিত শেয়ারের চেয়ে ১০ গুণেরও বেশি আবেদন জমা পড়েছে। অর্থাৎ, বাজারে যে পরিমাণ শেয়ার ছাড়া হচ্ছে, চাহিদা তার চেয়ে অনেক বেশি।
বাস্তবেই যদি এমনটি হয়, তবে বৃহস্পতিবার লেনদেন শুরু হওয়ার পরপরই অ্যানথ্রপিকের বাজারমূল্য তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে আরও অনেক ওপরে উঠে যেতে পারে।
বিনিয়োগকারীদের চাহিদা কতটা জোরালো থাকে, তার ওপর ভিত্তি করে অ্যানথ্রপিক এমনকি ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স-এর প্রাথমিক বাজারমূল্যকেও ছাড়িয়ে যেতে পারে। গত জুনে ২.২ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য নিয়ে শেয়ারবাজারে এসে স্পেসএক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান অভিষেকের রেকর্ড গড়েছিল।
তবে এর পরের কয়েক সপ্তাহে স্পেসএক্স-এর শেয়ারের দাম অনেকটা কমে যায়।
বর্তমান হিসাব অনুযায়ী, শেয়ারবাজারে তালিকাভুক্তির মাধ্যমে প্রাথমিক বিনিয়োগকারীদের কাছ থেকে অ্যানথ্রপিক ৬৮ বিলিয়ন ডলারেরও বেশি তহবিল সংগ্রহ করবে। এ ছাড়া প্রাইভেট প্লেসমেন্ট বা সরাসরি বিনিয়োগের মাধ্যমে আরও ২৬ বিলিয়ন ডলার আসবে বলে আশা করা হচ্ছে। সব মিলিয়ে কোম্পানিটির মোট সংগৃহীত তহবিলের পরিমাণ দাঁড়াতে পারে ৯৪ বিলিয়ন ডলার।
তালিকাভুক্তির মাধ্যমে অ্যানথ্রপিক ইতিমধ্যে যে পরিমাণ নগদ অর্থ সংগ্রহ করেছে, তা গত জুনে স্পেসএক্স-এর সংগৃহীত অর্থের চেয়েও বেশি।
চ্যাটজিপিটির নির্মাতা এবং অ্যানথ্রপিকের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ওপেনএআই আগামী বছর শেয়ারবাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তার আগ পর্যন্ত অ্যানথ্রপিকই হবে যুক্তরাষ্ট্রের একমাত্র তালিকাভুক্ত কোম্পানি, যারা পুরোপুরি এআই প্রযুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং কেবল এআই টুল ও পণ্য নিয়েই কাজ করে। গুগল বা মাইক্রোসফটের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চেয়ে তাদের কাজের ধরন আলাদা। কারণ, ওই প্রতিষ্ঠানগুলো এআই তৈরি করলেও পাশাপাশি অন্যান্য প্রযুক্তি সেবাও দিয়ে থাকে।
অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে যেমন উৎসাহ রয়েছে, তেমনি ভবিষ্যতে প্রতিষ্ঠানটি কতটা আয় ও মুনাফা করতে পারবে-তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা দুশ্চিন্তাও আছে।
গবেষণা প্রতিষ্ঠান 'কাউন্টারপয়েন্ট রিসার্চ'-এর প্রধান আর্থিক বিশ্লেষক ইয়াং ওয়াং বলেন, অ্যানথ্রপিকের সামনে মূল প্রশ্ন হলো আগামী কয়েক বছরে তাদের শত শত বিলিয়ন ডলারের আর্থিক দায় বা খরচ পরিশোধের সময় এলে, প্রতিষ্ঠানটি তার ব্যবসার গতি ধরে রাখতে পারবে কি না।
ওয়াং আরও বলেন, 'তারপরও, সাধারণ বিনিয়োগকারীদের জন্য এমন একটি শীর্ষ এআই মডেল নির্মাতা কোম্পানিতে সরাসরি বিনিয়োগের সুযোগ সচরাচর আসে না, যাদের মাধ্যমে ভবিষ্যতের কাজের গতি ও উৎপাদনশীলতা বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।'
বর্তমানে প্রায় সব বড় প্রযুক্তি কোম্পানিই নিজস্ব এআই টুল ও অবকাঠামো তৈরিতে বিপুল অর্থ ঢালছে। তবে ওই কোম্পানিগুলোর মূল ভিত্তি হলো সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন কেনাকাটা কিংবা অনলাইন সার্চ। তাদের কাছে এআই তুলনামূলকভাবে দ্বিতীয় বিষয়।
বিনিয়োগ প্রতিষ্ঠান 'এমপাওয়ার'-এর কৌশলগত প্রধান মার্তা নর্টন বিবিসিকে বলেন, 'অ্যানথ্রপিক শেয়ারবাজারে আসায় এআই-এর প্রকৃত চাহিদা কেমন, তা বোঝার এক নতুন সুযোগ তৈরি হয়েছে।'
ওপেনএআই-এর চাকরি ছেড়ে আসা একদল সহ-প্রতিষ্ঠাতা মিলে অ্যানথ্রপিক গড়ে তোলেন। এই দলের নেতৃত্বে ছিলেন দুই ভাই-বোন দারিও আমোদেই এবং দানিয়েলা আমোদেই।
চলমান এআই প্রতিযোগিতায় অ্যানথ্রপিক নিজেদের আলাদা করে চিনিয়েছে মূলত নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে প্রযুক্তি তৈরির কারণে। অ্যানথ্রপিকের এআই টুলগুলো কোনো ধরনের শর্ত বা বিধিনিষেধ ছাড়াই ব্যবহারের অনুমতি চেয়েছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ। কিন্তু প্রতিষ্ঠানটি সেই দাবি মেনে নিতে রাজি হয়নি।
কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই বরাবরই খোলাখুলিভাবে বলে আসছেন যে, এআই টুলগুলো খুব দ্রুত এতটাই শক্তিশালী হয়ে উঠতে পারে যা মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তির উন্নয়নের গতি কিছুটা কমানোর জন্য নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের মতে, সঠিক নিরাপত্তাব্যবস্থা ছাড়া উন্নত এআই সিস্টেম ব্যবহার করা হলে তা মানবজাতির জন্য 'ভয়াবহ' বিপদ ডেকে আনতে পারে।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই-ও এই প্রযুক্তির ঝুঁকি নিয়ে একই ধরনের দুশ্চিন্তার কথা জানিয়েছে এবং নিরাপত্তার বিষয়গুলো ঠিক করার জন্য শেয়ারবাজারে আসার পরিকল্পনা পিছিয়ে দিয়েছে।
তারপরও, অ্যানথ্রপিক দ্রুত নিজেদের ব্যবসা বাড়াতে চায় এবং সেজন্য শেয়ারবাজার থেকে আরও বেশি অর্থ সংগ্রহের সুযোগ নিতে চাইছে।
নর্টন বলেন, বাজারের এই অস্থির অবস্থার মধ্যেও অ্যানথ্রপিকের শেয়ারবাজারে আসার মূল কারণটি খুব সাধারণ। প্রতিষ্ঠানটির এখন আরও বেশি টাকার প্রয়োজন।
নর্টন আরও বলেন, 'এআই খাতে প্রচুর খরচের প্রয়োজন হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত হলে অর্থ পাওয়ার পথটা আরও কিছুটা খুলে যায়, আর এখন সেই সময়টাই এসেছে।'
তবে এআই খাতের ব্যবসার ধরন নিয়ে আরও বড় পরিসরে দুশ্চিন্তা বাড়ছে। এই ব্যবসা মূলত দামি কম্পিউটার চিপের ওপর নির্ভরশীল, যেগুলোর সরবরাহ এখন কম। পাশাপাশি এই প্রযুক্তি বিতর্কিত ডেটা সেন্টারের ওপরও নির্ভর করে এবং এসব কাজ চালানোর জন্য অন্য প্রযুক্তি কোম্পানির সাথে চুক্তি করতে হয়।
সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য অক্টোবরে অনুষ্ঠিত বৈঠকের নথি অনুযায়ী, ফেডারেল রিজার্ভ ব্যাংক 'জটিল ও অস্পষ্ট' প্রক্রিয়ায় এআই-সংশ্লিষ্ট ঋণ দ্রুত বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
বৈঠকে অংশ নেওয়া কয়েকজন সদস্য জানান যে, এআই-সংশ্লিষ্ট ঝুঁকি ও আর্থিক দায় ধীরে ধীরে মাত্র কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে।