1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শি, পুতিন আর ট্রাম্পের ঐতিহাসিক বৈঠকে কী ফল হবে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View

শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের এই বিরল সম্মিলনে বেইজিংয়ের আপত্তি সত্ত্বেও অস্ত্র নিয়ন্ত্রণের এজেন্ডা জোরালোভাবে তুলতে চান মার্কিন প্রেসিডেন্ট।

এপেক সম্মেলনের নৈশভোজের আগে ফটোসেশনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

এশিয়া সফরের শেষ দিনে এক নজিরবিহীন বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই ত্রিপক্ষীয় আলোচনায় যোগ দেবেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরতে চান ট্রাম্প, যদিও বেইজিংয়ের তাতে আপত্তি রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ব্যতিক্রমী কূটনৈতিক আসরে বিশ্বের বৃহত্তম তিন পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতারা নিজ নিজ প্রভাব দেখানোর সুযোগ পেলেও বড় কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা কম।

শি জিনপিং বুধবার এক ভাষণে ‘অবাধ ও উন্মুক্ত বাণিজ্যের’ আহ্বান জানিয়ে বেইজিংকে একটি স্থিতিশীল বৈশ্বিক অংশীদার হিসেবে তুলে ধরেন। এর মধ্য দিয়ে শুল্ক বৃদ্ধি ও কঠোর পররাষ্ট্রনীতি নেওয়া ট্রাম্প প্রশাসনের বিপরীতে চীনের অবস্থান স্পষ্ট করেন তিনি।

পরে শেনজেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ও আলিঙ্গন করেন শি। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন, তারই প্রতিদান দিলেন চীনা নেতা।

২০২৫ সালে আলাস্কায় ইউক্রেইন যুদ্ধ বন্ধে ব্যর্থ বৈঠকের পর এই প্রথম মুখোমুখি হলেন ট্রাম্প ও পুতিন। শেনজেনে ফটোসেশনের সময় শিয়ের দুই পাশে দাঁড়িয়ে সংক্ষিপ্ত করমর্দন ও কুশল বিনিময় করেন তারা।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা হয়নি।

ওয়াশিংটন ও মস্কোর তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার অনেক ছোট হওয়ায় অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনায় যোগ দিতে বরাবরই আপত্তি জানিয়ে আসছে বেইজিং।

শি এই বৈঠকের আয়োজক হলেও আলোচ্যসূচি আংশিকভাবে ট্রাম্পের দাবিতে সাজানো হয়েছে, যা বৈঠকটিকে জটিল করে তুলতে পারে।

ত্রিপক্ষীয় বৈঠকের আগে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, পুতিনের সঙ্গেও তার একান্ত বৈঠক হবে, তবে রুশ কর্মকর্তাদের মতে, সেখানে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় আলোচনার পরিকল্পনা নেই।

এদিকে ইউক্রেইন যুদ্ধ বন্ধে ট্রাম্পের দূতেরা কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়ে ইউরোপীয় নেতাদেরও এসব আলোচনায় যুক্ত করার কথা রয়েছে।

তবে সফর শেষে দেশে ফিরে বেশ কিছু রাজনৈতিক ও নীতিগত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ট্রাম্পকে। এর মধ্যে রয়েছে মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার রেশ, এনভিডিয়া চিপ বিতর্ক এবং একের পর এক প্রযুক্তি ও বিমান চলাচল বিভ্রাটের ঘটনা।

ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের ক্রেইগ সিঙ্গেলটন বলেন, তিন নেতার একসঙ্গে উপস্থিত হওয়ার যথেষ্ট কারণ থাকলেও মূল বিষয়ে একমত হওয়ার সুযোগ কম। ইউক্রেইন, ইরান, পারমাণবিক অস্ত্র, বাণিজ্য ও চীনের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে।

সিঙ্গেলটন বলেন, এক ফ্রেমে তাদের একটি ছবি তিন নেতার জন্যই ভালো কাজে আসতে পারে। তবে আলোচ্যসূচিতে একমত হওয়া অনেক কঠিন।

‘বেইজিংয়ের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন’

ত্রিপক্ষীয় বৈঠকে ট্রাম্প ইউক্রেইন যুদ্ধের প্রসঙ্গ তুলবেন না বলেই ধারণা করছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। তবে নিজে বিষয়টি তোলার ইঙ্গিত দিয়ে এ নিয়ে অনিশ্চয়তা জিইয়ে রেখেছেন ট্রাম্প।

দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে ঘুরপথে চীনে এনভিডিয়া চিপ যাওয়ার খবরে উত্তেজনার মধ্যেই এই বৈঠক হচ্ছে। এ ঘটনায় মার্কিন রপ্তানি নিষেধাজ্ঞার কার্যকারিতা ও উন্নত প্রযুক্তিতে চীনের ভবিষ্যৎ প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন উঠেছে।

সিঙ্গেলটন বলেন, “এটি বেইজিংয়ের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। চীন এমন চিপ সুবিধা চায়, যা নিয়ে তারা প্রেসিডেন্টের সঙ্গে দর-কষাকষি করতে পারবে। কিন্তু এর বদলে দ্বিদলীয় সমর্থনে চিপ নিষেধাজ্ঞা আইনে পরিণত হতে পারে।”

এদিকে চলতি মাসের শুরুতে হওয়া বাণিজ্য যুদ্ধবিরতির স্থায়িত্ব যাচাইয়ের সুযোগ মিলবে বৃহস্পতিবার শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠকে।

ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ দেখালেও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সফরে তেমন কোনো পরিকল্পনা নেই।

ট্রাম্পের প্রথম প্রশাসনে পেন্টাগনের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা র‍্যান্ডি শ্রিভার বলেন, “আমার মনে হয় সুযোগ পেলে প্রেসিডেন্ট ট্রাম্প আগামীকালই কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন, তিনি নাটকীয়তা, রাজনৈতিক নাটকীয়তা এবং জাঁকজমক পছন্দ করেন।”

ত্রিপক্ষীয় বৈঠক শেষে শেনজেন থেকে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন ট্রাম্প। এর মধ্য দিয়ে ফিলিপিন্স ও চীনে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্য আলোচনার এই সফর শেষ করবেন তিনি।

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ