পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সে রাখা বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে বস্তুটি দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের একটি চেয়ারের ওপর লাল টেপ দিয়ে মোড়ানো টিফিন বক্স এবং এর সঙ্গে তারের মতো একটি বস্তু ঝুলতে থাকে। বক্সটি টেপ দিয়ে মোড়ানো দেখে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
বর্তমানে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ সদস্যরা। টিফিন বক্সের ভেতরে কী রয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বস্তুটি টেপ দিয়ে মোড়ানো থাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।