রাজশাহীর নওদাপাড়ায় বিআরটিসির বাস ডিপোতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ডিপোতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন ধরে যায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বাস ডিপোর চালক ও হেলপাররা জানান, মধ্যরাতে ডিপোর পাশের সড়ক দিয়ে একটি মিছিল যায়। এর কিছুক্ষণ পর বোমা বিস্ফোরণের শব্দ শুনে তারা বাইরে এসে একটি বাসে দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন। পরে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। তারা নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেন বলে জানিয়েছেন।
রাজশাহীর নওহাটা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি বাসের ওপরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। বাসটির বসার আসন, আসনের কভার, ফ্যান, পর্দা ও বডিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত এই বাসটি থেকেই পাশের আরেকটি বাসে আগুন ছড়িয়ে পড়ে। ওই বাসটিরও কিছু অংশ পুড়ে গেছে।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, 'আমরা ধারণা করছি একটিই পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। প্রথমে একটি বাসে আগুন ধরে। সেখান থেকে আরেকটি বাসে আগুন ধরে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
অন্যদিকে, রাজশাহীর চারঘাটে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামের রেললাইনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা রেললাইনে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা রেললাইনে লাল কাপড় বেঁধে অবস্থান নেন। তাদের তৎপরতায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
এ সময় সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি লোকাল মেইল ট্রেন ঘটনাস্থলে আটকা পড়ে। পরে রাত ১২টা ৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মেদ হোসেন মাসুম জানান, প্রায় আধা ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রাথমিকভাবে রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি।
তবে রেললাইনে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা পরীক্ষা করতে একটি দল পাঠানো হয়েছে বলে জানান তিনি।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.