গোয়েন্দা সূত্র জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে।
কর্মকর্তারা জানান, গ্রেপ্তার সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে সড়ক, রেল ও নৌপথের যোগাযোগ বিচ্ছিন্ন করা, গোপালগঞ্জ ও পার্শ্ববর্তী জেলাগুলোকে বিচ্ছিন্ন করে ফেলা এবং ঢাকায় বড় ধরনের জমায়েতের সম্ভাব্য পরিকল্পনার তথ্য পাওয়া গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ৭০ ককটেল বিস্ফোরণ ও ৫৭ যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ সময়ে ৩৫টি মামলা করা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুটি পুলিশ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে।
এছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতায় জড়িত থাকার অভিযোগে ১ থেকে ১৭ নভেম্বরের মধ্যে ৫২৮ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।
সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, নাটোর, খুলনা, ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী ও কুড়িগ্রামসহ অন্যান্য জেলাতেও সহিংসতার খবর পাওয়া গেছে। গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পিরোজপুর, বাগেরহাট ও বরিশালকেও ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সহিংসতার এসব ঘটনার পর অস্ত্র, বিস্ফোরক ও সন্দেহভাজন ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী জেলাগুলোতে পুলিশ নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পাশাপাশি নাশকতা অর্থের উৎস শনাক্ত করতে গ্রেপ্তার সন্দেহভাজনদের মোবাইল ব্যাংকিং বা আর্থিক লেনদেনও খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো।
পুলিশ সদর দপ্তরের এক সিনিয়র কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সীমিত জনবল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন। আমরা সরকারকে বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করার অনুরোধ জানিয়েছি।'
গোপালগঞ্জে প্রায় ২ হাজার পুলিশ সদস্য, ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন এবং অন্যান্য বাহিনী মোতায়েন করা হয়েছে।
পদ্মা সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো, মহাসড়ক ও শহরাঞ্চলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
জেলাগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর।
এর মধ্যে ঢাকায় ২৩, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ ও ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া ৫ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাজধানীতেও বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সহিংসতাকবলিত জেলাগুলো থেকে পালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেসব নেতাকর্মী ঢাকায় আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হবে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, ঢাকায় চেকপোস্ট ও টহল বাড়ানো হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের বেশ কয়েকজন সংগঠক ও নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আত্মগোপনে থাকা বা পলাতকদের ধরতে শিগগির অভিযান শুরু হবে।
তিনি আরও জানান, সরকারি স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় (কেপিআই) পোশাকে ও সাদাপোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাইবার নজরদারিও বাড়ানো হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, টহল পুলিশ ও ডিবির দলগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজনদের গ্রেপ্তার করেছে।
আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে সর্বোচ্চ জনবল মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ বলেন, 'আমরা মাঠে আছি। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করছি। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।'
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুম মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির নামে কেউ সহিংসতা, নাশকতা বা জনচলাচলে বাধা সৃষ্টি করলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।
পুলিশ নজরদারি বজায় রাখবে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে, তবে কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন সে বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ডেইলি স্টারকে বলেন, নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
সরকারকে নিজেদের দুর্বলতাগুলো মূল্যায়ন করে আরও সুস্পষ্ট কৌশল গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'আমি জোর সুপারিশ করব যে সরকার যেন কঠোর অবস্থান নেয় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় আর যেন ছাড় না দেয়। দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উভয়ই অস্থিতিশীল হয়ে উঠছে।'