খুলনায় আদালত ও সার্কিট হাউজ এলাকায় পরপর বিস্ফোরণ!
খুলনায় জেলা জজ আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর প্রায় ৩০ মিনিট পর নগরের সার্কিট হাউজের দক্ষিণ-পশ্চিম ফটকের ভেতরে বিকট শব্দ শোনা যায়। তবে পুলিশ বলছে, দ্বিতীয় ঘটনাটি ককটেল বিস্ফোরণ নয়, চকলেট বাজির শব্দ। তবে দুটি ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে জেলা জজ আদালত ভবনে ককটেল বিস্ফোরণ ঘটে। এর প্রায় আধা ঘণ্টা পর রাত ৯টার দিকে সার্কিট হাউজ এলাকায় বিকট শব্দ শোনা যায়।
আদালতের নৈশপ্রহরী এস এম মুরাদ আহমেদ জানান, হেলমেট পরা দুই যুবক আদালত ভবনের নিচতলার বারান্দায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, আদালত ভবনে ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে।
সার্কিট হাউজ এলাকায় বিকট শব্দের বিষয়ে ওসি জানান, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন। সেখানে ককটেল বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। বিকট শব্দ শোনা গেলেও সেটি চকলেট বাজির শব্দ হতে পারে। এটি ককটেল বিস্ফোরণের ঘটনা নয়।