কার্যক্রম নিষিদ্ধ পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।
আজ বুধবার রাত ১০টার দিকে পটুয়াখালী শহরের দক্ষিণ সবুজবাগ এতিমখানা রোড এলাকায় কাজী আলমগীরের বাসভবনে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাড়িটিতে একবার ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এরপর থেকে ভবনটিতে কাজী আলমগীরের পরিবারের সদস্য ও স্বজনদের কেউ বসবাস করেন না। ঘটনার সময় বাড়িটি তালাবদ্ধ ছিল।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসাটি তালাবদ্ধ অবস্থায় ছিল। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের টিম লিডার মনোজ দত্ত বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে একই রাতে জেলা শ্রমিক লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খলিলুর রহমানের বাসভবনেও হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়ির বিভিন্ন মালামাল ও জানালার অংশ ভাঙচুর করা হয়। দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুতের মিটারও ভেঙে নিয়ে যায়।