প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি ও উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, আগামী ১৮, ১৯, ২০ ও ২১ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারি বৃষ্টিপাত হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকার আবহাওয়া পূর্বাভাস মডেলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য বিশ্লেষণ করে তিনি জানান, ঘূর্ণিঝড়টির চারপাশে বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় ৭৪ কিলোমিটার। দমকা হাওয়াসহ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত উঠছে। এছাড়া ঘূর্ণিঝড়টির চারপাশে প্রায় ২০ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হয়েছে।
মোস্তফা কামাল পলাশের আশঙ্কা, আকভানের প্রভাবে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোতে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। এ সময় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।