মিয়ানমারের রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ে নৃশংসতার স্বীকৃতি মিলবে এবং ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিতের পথ তৈরি হবে। এমন আশা প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি। তিনি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের স্বীকৃতি দিয়ে আদালত রায় দিলে তা পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ইউএন হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর মধ্য দিয়ে ১১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে তার সরকারি সফর শেষ হলো। আগামীকাল ১৯ নভেম্বর গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজে বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করবে। এর একদিন আগে জাতিসংঘের বিশেষ দূত এসব কথা বললেন।
কেলি ই. কারি বলেন, ‘আমরা আশা করি, এই রায়ে অপরাধগুলোর স্বীকৃতি দেওয়া হবে, সেগুলোকে যথাযথ নামে অভিহিত করা হবে এবং ন্যায়বিচারের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।’
জাতিসংঘের বিশেষ দূত আরও বলেন, এমনটি হলে রায়টি পূর্ণাঙ্গভাবে কার্যকর করতে সহায়তা করা সব দেশের দায়িত্ব হয়ে দাঁড়াবে।
মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার অভিযোগে গাম্বিয়া ওই মামলা করেছিল।
কেলি ই. কারি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠী, মিয়ানমার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এ রায় একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘১৯ নভেম্বর রোহিঙ্গা জনগোষ্ঠী, মিয়ানমার রাষ্ট্র, সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে।’
জাতিসংঘের এই বিশেষজ্ঞ আরও বলেন, ১৯৪৮ সালে গণহত্যা কনভেনশন গৃহীত হওয়ার পর থেকে অনেক অপরাধী জবাবদিহির বাইরে থেকে গেছে। অনেক ভুক্তভোগী ন্যায়বিচার পাননি।
কেলি ই. কারি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়ন, অধিকার ও সম্পদ থেকে বঞ্চিত করা, পরিচয় অস্বীকার, জোরপূর্বক বাস্তুচ্যুতি, নির্যাতন, যৌন সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো নৃশংসতা ২০১৭ সালে শুরু হয়নি, আবার শেষও হয়নি।
কেলি ই. কারি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত দায়মুক্তির অবসান এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা ও বেঁচে থাকা ব্যক্তি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিতের পথে সম্ভাব্য একটি পদক্ষেপ।’
জাতিসংঘের বিশেষ দূত স্বীকার করেন, রায়টি ভুক্তভোগীদের প্রত্যাশা পুরোপুরি পূরণ না-ও করতে পারে। তবে বিচার প্রক্রিয়া ইতোমধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের দৃঢ় প্রত্যয়ের প্রমাণ দিয়েছে।
কেলি ই. কারি আরও বলেন, ‘রায়ের ফল যা-ই হোক, এসব বেঁচে থাকা মানুষ, তাদের সম্প্রদায় এবং বিশ্বের বিভিন্ন স্থানে তাদের সমর্থকেরা কখনও ন্যায়বিচারের দাবি জানানো ও দায়মুক্তির অবসানে লড়াই বন্ধ করবেন না। আমি তাদের পাশে আছি।’
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত জাতিসংঘের প্রধান বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) আগামীকাল ১৯ নভেম্বর ‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত সনদের প্রয়োগ (গাম্বিয়া বনাম মিয়ানমার)’ শীর্ষক মামলার রায় ঘোষণা করবে।
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালের ১১ নভেম্বর গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে এ মামলা করে। দেশটির বিরুদ্ধে ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়।
২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক অভিযানের পর মামলাটি করা হয়। এসব অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, গ্রাম ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতির অভিযোগ রয়েছে।
২০১৭ সালের আগস্টে সামরিক অভিযান শুরুর পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগেও বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গা ঢলের সঙ্গে তারাও যুক্ত হয়।
২০২০ সালের জানুয়ারিতে আইসিজে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করে। এতে মিয়ানমারকে গণহত্যা সনদে নিষিদ্ধ অপরাধ সংঘটন থেকে বিরত থাকা, প্রমাণ সংরক্ষণ এবং এ বিষয়ে আদালতে নিয়মিত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
২০২২ সালের জুলাইয়ে আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তি খারিজ করে মামলাটির বিচারিক কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয়। ২০২৬ সালের জানুয়ারিতে মামলার মূল বিষয়ে প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।
১৯ নভেম্বরের রায়ে গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে।
রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি তুলে ধরে কেলি ই. কারি বলেন, মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, বিশেষ করে রাখাইন রাজ্যের পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন অসম্ভব হয়ে পড়েছে।
জাতিসংঘের বিশেষ দূত বলেন, নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার পরিবেশ না থাকায় মিয়ানমার থেকে আসা ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়ে যাচ্ছে।
কেলি ই. কারি আরও বলেন, মিয়ানমারের নেপিডো কর্তৃপক্ষ ও আরাকান আর্মির নিয়ন্ত্রণাধীন উভয় অঞ্চলে বেসামরিক মানুষ ও স্থাপনায় প্রাণঘাতী হামলা হচ্ছে। রোহিঙ্গাসহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী নিপীড়নের শিকার এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
জাতিসংঘের বিশেষ দূত জানান, নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আরও মানুষ মিয়ানমার ছাড়তে বাধ্য হচ্ছে। অন্যদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তা কমছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তার তহবিল সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় উদ্বেগ প্রকাশ করেন কেলি ই. কারি। অথচ মানবিক সহায়তার প্রয়োজন এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।
বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারের প্রসঙ্গ তুলে কেলি ই. কারি রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের লক্ষ্যে একটি সমন্বিত কৌশল প্রণয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানান।
কৌশলটি এখনও প্রকাশ করা হয়নি। তবে এতে মিয়ানমারের সংঘাতে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর কাজে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার বন্ধ করা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর বেসামরিক চরিত্র বজায় রাখার বিষয়গুলো অগ্রাধিকার পাবে বলে বিশেষ দূত কেলি ই. কারি আশা প্রকাশ করেন।
এ ছাড়া শিক্ষার সুযোগ বাড়ানো, টেকসই দক্ষতা অর্জন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরি এবং স্থানীয় জনগোষ্ঠীর চাহিদা পূরণের বিষয়গুলোও এ কৌশলে গুরুত্ব পাবে বলেও উল্লেখ করেন জাতিসংঘের বিশেষ দূত।
কেলি ই. কারি জানান, ঢাকায় সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি কক্সবাজারও সফর করেছেন। সেখানে রোহিঙ্গা, মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত সংস্থা এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে কথা বলেছেন।
রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের এই বিশেষজ্ঞ। বিশেষ করে নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এর প্রভাব নিয়ে তিনি উদ্বেগ জানান।
কেলি ই. কারি বলেন, রোহিঙ্গারা ক্যাম্পে ব্যাপক নিরাপত্তাহীনতা, অপরাধমূলক কর্মকাণ্ড, অপহরণের আশঙ্কা এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকির কথা জানিয়েছেন।
জাতিসংঘের বিশেষ দূত জানান, নারীরা আশ্রয়কেন্দ্র থেকে বের হতে ভয় পাচ্ছেন। মায়েরা সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আর পুরুষেরা নিজেদের পরিবারকে সুরক্ষা দিতে অসহায় বোধ করছেন।