চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল। বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বারইয়ারহাট পৌরসভা, মিরসরাই পৌরসভা ও ৯ নম্বর মিরসরাই ইউনিয়নে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৫টায় বারইয়ারহাট পৌরসভায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন মিরসরাই থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী ও সেলিম হাজারী, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক সোহাগ, সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার মাহমুদ জিপশন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আবছার, সদস্য সচিব মোহাম্মদ ফয়েজ উদ্দিন ভূঁইয়া, পৌরসভা ছাত্রদলের সভাপতি মোহন দেসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিতে তাঁরা রাজপথে প্রস্তুত রয়েছেন। নুরুল আমিন এমপির শান্তির জনপদে কোনো অগ্নিসন্ত্রাসীর স্থান হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এদিকে, সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির উদ্যোগে মিরসরাই পৌরসভা থেকে ছোট কমলদহ পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মশাল মিছিল ও মোটরসাইকেল শোডাউন করা হয়। কর্মসূচি শেষে মিরসরাই সদরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম বাবু ও সদস্য সচিব নাঈম উদ্দিন সরকার।
অন্যদিকে, রাত ৮টায় ৯ নম্বর মিরসরাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন।