ঝিনাইদহের মহেশপুরে মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলের প্রচারপত্র, ব্যানার ও পোস্টারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নাম তাদের অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপির নেতারা। তাদের দাবি, মাহফিলের আয়োজক কমিটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ২৪ নভেম্বর মহেশপুর উপজেলার ১ নম্বর এস বি কে ইউনিয়নের খালিশপুর বহুমুখী বিদ্যালয় মাঠে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ মাহফিলের প্রচার-প্রচারণায় বিএনপি নেতাদের নাম ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস বি কে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম বলেন, আয়োজক কমিটির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তাদের সঙ্গে আলোচনা বা অনুমতি ছাড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি, উপজেলা বিএনপির সহসভাপতিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতার নাম ব্যানার ও পোস্টারে ব্যবহার করা হয়েছে। আরও পড়ুন গজারিয়ায় আমনের বাম্পার ফলন, খুশি কৃষক ১৮ নভেম্বর ২০২৬ তিনি আরও বলেন, এভাবে অনুমতি ছাড়া দলীয় নেতাদের নাম ব্যবহার করে প্রচার-প্রচারণা চালানোয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতারাও এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দলের কোনো পর্যায়ের নেতার সঙ্গে আলোচনা না করে তাদের নাম ব্যবহার করা হয়েছে। এতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও বিভ্রান্তি দেখা দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মাহফুজুর রহমান খান বাবু, সহসভাপতি আমেদুল ইসলাম মাস্টার, সহসাধারণ সম্পাদক আসলাম পারভেজ, ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাহিদ শিমুল, জ্যেষ্ঠ সহসভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সবুজসহ স্থানীয় বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় নেতারা তাদের অনুমতি ছাড়া নাম ব্যবহারের ঘটনায় নিন্দা জানান। একই সঙ্গে মাহফিলের পোস্টার, ব্যানার ও প্রচারপত্র থেকে বিএনপি নেতাদের নাম ও ছবি প্রত্যাহারের দাবি জানান তারা। এ ছাড়া বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।