খুলনায় টুঙ্গিপাড়া বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নগরের রয়্যাল মোড়ের টুঙ্গিপাড়া বাস কাউন্টারের ঘটনা এটি। এ সময় কাউন্টারের ক্যাশ থেকে নগদ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়দের ভাষ্য, মাগরিবের আজানের কিছুক্ষণ পর ৫০ থেকে ৬০ জন যুবক এসে টিকিট বিক্রেতাকে ‘টুঙ্গিপাড়া’ লেখা সাইনবোর্ড নামিয়ে রাখতে বলেন। তবে টিকিট বিক্রেতা একা থাকায় সেটি খুলতে পারেননি। এরপর দুর্বৃত্তরা কাউন্টারের ভেতরে হামলা চালায়। কাউন্টার ব্যবস্থাপক মন্টু বলেন, দুর্বৃত্তরা ক্যাশ কাউন্টার থেকে নগদ ৫ হাজার টাকা এবং টিকিট বিক্রেতার কাছ থেকে দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। যাওয়ার সময় তারা কাউন্টারের ভেতরে থাকা কম্পিউটারের মনিটর ও ক্যামেরা ভাঙচুর করে এবং হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। আরও পড়ুন নিরাপত্তার শঙ্কায় খুলনা-ঢাকা বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ১৮ নভেম্বর ২০২৬ এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে জানান তিনি। খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।