শেষ বলে চার মেরে পাকিস্তানের ৩৩৭ রান টপকে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল ভারত।
তিন আসর পর যুব এশিয়া কাপে ট্রফি জয়ের স্বাদ পেল ভারত। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ভারতের অষ্টম উইকেটের পতন হলো যখন, তখনও তাদের প্রয়োজন ৫১ বলে ৮৬ রান। পাকিস্তানের জয় মনে হচ্ছিল স্রেফ সময়ের ব্যাপার। কিন্তু এরপর যা হলো, তা হয়তো কেউ কল্পনাও করেনি। ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে বিধ্বংসী ইনিংস খেললেন মোহিত উল্ভা। শেষ বলে চার মেরে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন ১৮ বছর বয়সি এই ক্রিকেটার।
পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করল ভারত।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে শনিবার ফাইনালে উসমান খানের সেঞ্চুরিতে ৫০ ওভারে পাকিস্তান তোলে ৩৩৭ রান।
জবাবে ৪২তম ওভারে ৮ উইকেটে ২৫২ রানের নড়বড়ে অবস্থানে থেকে শেষ বলে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত।
যুব ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। আগের রেকর্ডও ছিল ভারতের, গত জুলাইয়ে হাম্বানটোটায় শ্রীলঙ্কার ৩২০ রান টপকে জিতেছিল তারা।
শেষ ওভারে ভারতের প্রয়োজন ছিল ৮ রান। লেগ স্পিনার আহমেদ হুসাইনের প্রথম পাঁচ বলে একটি ওয়াইডসহ আসে ৫ রান। শেষ বলে চাই ৩। অফ স্টাম্পের বাইরের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে লং-অফের পাশ দিয়ে বাউন্ডারিতে বাইরে পাঠিয়ে দেন মোহিত। ডাগআউট থেকে মাঠে ছুটে যায় ভারতের ক্রিকেটাররা। চলতে থাকে তাদের আনন্দ-উল্লাস।
পাঁচ চার ও তিন ছক্কায় ২৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক মোহিত। এদিন বল হাতে ৫৭ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও, ব্যাটিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরস্কার জেতেন এই পেসার।
নবম উইকেটে মানাল চৌহানের সঙ্গে ৩৫ বলে ৫৭; এরপর শেষ উইকেটে চিগুরুপাতি ভেঙ্কাটার সঙ্গে ১৬ বলে অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতে দলের জয় নিশ্চিত করেন তিনি। আসরে প্রথমবার খেলতে নেমে ৮ বলে ১১ রানের মূল্যবান ইনিংস খেলেন ভেঙ্কাটা।
জয়ের পর ভারতের উল্লাস। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক
ফাইনালে ৬১ বলে ৫৮ রানসহ পাঁচ ম্যাচে ৯০.২৫ গড়ে আসরের সর্বোচ্চ ৩৬১ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন ভারতের ব্যাটিং গ্রেট ভিরেন্দার সেওয়াগের ছেলে আরিয়াভির সেওয়াগ। তিনটি ফিফটির সঙ্গে একটি সেঞ্চুরি করেন তিনি।
তিন আসর পর যুব এশিয়া কাপে ট্রফি জয়ের স্বাদ পেল ভারত। এই প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন তারা আগে থেকেই। মোট ১৩ আসরের মধ্যে ৯টিরই শিরোপা জিতে রেকর্ডটা আরও সমৃদ্ধ করল দলটি। গত আসরের ফাইনালে পাকিস্তানের কাছে হারের প্রতিশোধও নিল তারা।
অন্যদিকে, শিরোপা ধরে রাখার খুব কাছে গিয়েও হৃদয় ভাঙার যন্ত্রণা সঙ্গী হলো পাকিস্তানের যুবাদের। দ্বিতীয় সর্বোচ্চ দুইবার করে শিরোপা জয়ের নজির আছে পাকিস্তান ও বাংলাদেশের।
টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় পাকিস্তান। প্রথম ২৫ ওভারে তারা ১ উইকেট হারিয়ে তোলে ১৯১ রান। প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিন জনই ছাড়ান পঞ্চাশ।
ওপেনার উসমান ১১ চার ও তিন ছক্কায় ১১১ বলে করেন ১০৭ রান। তিন নম্বরে আব্দুল কাদির আট ছক্কা ও তিন চারে করেন ৫৪ বলে ৮০। চার নম্বরে অধিনায়ক ফারহান ইউসুফের ব্যাট থেকে আসে ৬০ বলে ৬৩ রান।
৪০ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ৩ উইকেটে ২৭৪। সেখান থেকে সাড়ে তিনশ ছাড়ানো সংগ্রহেই দৃষ্টি থাকার কথা তাদের। কিন্তু শেষ ১০ ওভারে তারা যোগ করতে পারে কেবল ৬৩ রান, উইকেট হারায় ৬টি।
৬৮ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার পেসার পারেশ প্যাটেল। আরেক পেসার ভেঙ্কাটা ৪০ রানে নেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় ১০৬ বলে ৯৫ রানের উদ্বোধনী জুটিতে ভারতকে ভালো শুরু এনে দেন অধিনায়ক রাইচান্দানি ও আরিয়াভির সেওয়াগ।
সেওয়াগের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে আরেকটি পঞ্চাশ ছোঁয়া জুটি (৬৩ বলে ৫১) গড়েন রাইচান্দানি। কিন্তু এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। ১০১ বলে ৮০ রান করে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন রাইচান্দানি।
ভারতের আরেক ব্যাটিং গ্রেট রাহুল দ্রাবিড়ের ছেলে আনভায় দ্রাবিড় ভালো শুরু পেলেও, রান আউটে বিদায় নেন তিনি ১২ বলে ১৯ রান করে।
৪২তম ওভারে পারেশের বিদায়ে ভারতের স্কোর হয়ে যায় ৮ উইকেটে ২৫২। তখনও চাই ৫১ বলে ৮৬ রান। ভারত ম্যাচ থেকে ছিটকে গেছে বলেই ধারণা করা হচ্ছিল তখন।
কিন্তু ক্রিকেট কখনও কখনও কল্পনাকেও হার মানায়। এদিন ঠিক তাই হলো। মোহিতের হাত ধরে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল ভারত।
শেষ দুই ওভারে প্রয়োজন ছিল যখন ২৫ রান, ৪৯তম ওভারে প্রথম দুই বলে চার ও ছক্কা মেরে দেন মোহিত। এক বল পর ব্যাটের কানায় লেগে চার পেয়ে যান ভেঙ্কাটা। এই ওভারে আসা ১৭ রানে বদলে যায় চিত্র। এরপর শেষ ওভারের রুদ্ধশ্বাস সমাপ্তি আর ভারতের জয়োল্লাস।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৩৩৭/৯ (উসমান ১০৭, হায়াম ২১, কাদির ৮০, ইউসুফ ৬৩, হুসাইন ১৭, জাহুর ১০, আব্বাস ২, সায়াম ৭, শাফিক ১১, রিজওয়ানউল্লাহ ৪*, রাজা ০*; মোহিত ৮-০-৫৭-০, পারেশ ১০-০-৬৮-৪, ভেঙ্কাটা ৫-০-৪০-৩, মানাল ৩-০-৪০-০, আরিয়ান ৭-০-৩৬-০, ইয়াশবার্ধান ৬-০-৩৫-০, আর্জুন ৭-০-৪৩-১, ভিনাথ ৪-০-১৪-০)
ভারত অনূর্ধ্ব-১৯: ৫০ ওভারে ৩৩৯/৯ (রাইচান্দানি ৮০, সেওয়াগ ৫৮, ভিনেথ ২৪, আর্জুন ১৬, ইয়াশবার্ধান ৯, দ্রাবিড় ১৯, মানাল ৪৭, আরিয়ান ৯, পারেশ ০, মোহিত ৪৯*, ভেঙ্কাটা ১১*; রাজা ১০-০-৬৫-১, সায়াম ১০-০-৭৯-১, রিজওয়ানউল্লাহ ১০-০-৫৩-৩, শাফিক ১০-০-৫৭-২, হুসাইন ৫-০-৩৮-০, আব্বাস ৫-০-৩৯-১)
ম্যান অব দা টুর্নামেন্ট: আরিয়াভির সেওয়াগ
ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক
ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না