সবশেষ চার টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে পুরো দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারের হতাশা কাটিয়ে এবার সাউথ আফ্রিকার বিপক্ষে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর দল। তবে অতীতের ব্যর্থতা পেছনে ফেলে আসন্ন সিরিজে ইতিবাচক ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। রোববার জোহানেসবার্গে বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও সাউথ আফ্রিকা। তার আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, দলের ক্রিকেটাররা মানসিকভাবে ভালো অবস্থানে রয়েছেন। সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে পড়ে না থেকে ভুলগুলো শুধরে সামনে এগিয়ে যাওয়াই এখন মূল লক্ষ্য। বলেছেন, ‘মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। এটা সত্যি, আমাদের গত দুই-তিনটি ম্যাচ ভালো যায়নি। তবে সেগুলো নিয়ে না ভেবে সামনে কীভাবে ভালো করতে পারি, সেটিই বেশি গুরুত্বপূর্ণ। কোথায় ভুল করেছি, কোন জায়গায় আরও ভালো করার সুযোগ ছিল, সেসব নিয়ে আলোচনা হয়েছে। যদিও এখানকার কন্ডিশন ভিন্ন। সবাই মানসিকভাবে প্রস্তুত। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে এবং পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে ভালো কিছু সম্ভব।’ সাউথ আফ্রিকার কন্ডিশনে পেসারদের জন্য বাড়তি সহায়তা থাকার সম্ভাবনা দেখছেন শান্ত। তবে স্পিনারদের অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি। অধিনায়কের মতে, এই সিরিজে পেস বোলারদের দায়িত্ব বেশি থাকলেও স্পিনারদের কার্যকর ভূমিকা রাখতে হবে। বলেছেন, ‘এখনও কন্ডিশন দেখার সুযোগ হয়নি। তবে এখানে পেসাররা অবশ্যই বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি আমাদের স্পিনাররাও অভিজ্ঞ। পেসারদের দায়িত্ব বেশি থাকবে। স্পিনাররাও যদি তাদের সহায়তা করতে পারে, তাহলে ভালো একটি ম্যাচ উপহার দেওয়া সম্ভব।’ সাউথ আফ্রিকার মাটিতে বাংলাদেশের অতীত সাফল্য থেকেও অনুপ্রেরণা খুঁজছেন অধিনায়ক। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা দলকে আত্মবিশ্বাস জোগাবে বলে বিশ্বাস তার। তবে সেই আত্মবিশ্বাসকে মাঠের পারফরম্যান্সে রূপ দেওয়ার ওপরই জোর দিচ্ছেন শান্ত। বলেছেন, ‘অতীতে এখানে ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড আমাদের আছে। সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জিতেছি, এটা অবশ্যই আত্মবিশ্বাস দেবে। আমাদের সামনে উদাহরণ আছে যে এখানেও ভালো খেলা এবং ম্যাচ জেতা সম্ভব। তবে দিন শেষে নিজেদের সেরাটা খেলতে হবে, পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে হবে।’ দলের বোলিং বিভাগ নিয়েও আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘আমার অনেক বিশ্বাস আছে। বিশ্বাস না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। পুরো দল বিশ্বাস করে, আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে পারব। বোলিং বিভাগ ভালো করছে। এক-দুই ইনিংস কিংবা একটি সিরিজ দিয়ে তাদের বিচার করা উচিত নয়। এই সিরিজে শুধু মাঝের ওভারগুলোতে নয়, নতুন বল থেকে শুরু করে সব পর্যায়েই তারা ভালো করবে।’