জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধের জেরে বড় কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে কপের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম সম্মেলন। দুই সপ্তাহের ধারবাহিক আলোচনার পরও রাজনৈতিক সমঝোতার অভাবে চুক্তি ভেস্তে যাওয়ায় জীবাশ্ম জ্বালানি সংশ্লিষ্ট মহলের ওপর চটেছেন জাতিসংঘ মহাসচিব। আর কপে ব্যর্থতার দায়ে এবারের সম্মেলনে সভাপতিত্ব করা অস্ট্রেলিয়ার জলবায়ুমন্ত্রী ক্রিস বোয়েনের পদত্যাগ দাবি করেছে বিরোধীরা। তবে চুক্তি ভেস্তে যাওয়ায় ভূ-রাজনীতির জটিল সমীকরণকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর, মিথেন গ্যাসের নিঃসরণ কমানোর মতো এজেন্ডা নিয়ে এবারের জলবায়ু সম্মেলন বা কপ থার্টি ওয়ান শুরু হলেও; টানা ১৪ দিনের ধারাবাহিক আলোচনা শেষে রাজনৈতিক সমঝোতার অভাবে বড় কোনো চুক্তি ছাড়াই পর্দা নামলো আসরের। তাইতো সমাপনী বক্তব্যে অনেকটাই হতাশার সুর এবারের সম্মেলনের প্রেসিডেন্ট মুরাত কুরুমের কণ্ঠে।
সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও সমঝোতার প্রত্যাশায় আলোচনা রোববার পর্যন্ত বর্ধিত করে সদস্য রাষ্ট্রগুলো। কিন্তু চুক্তির পথে বাধা হয়ে দাঁড়ায় জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়ন নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর বিরোধ।
রোববার মতবিরোধ দূর করতে চূড়ান্ত খসড়া পেশ করে আয়োজকপক্ষ। তবে খসড়ায় জীবাশ্ম জ্বালানি শব্দটির উল্লেখ না থাকায় ক্ষুব্ধ হন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। পরে ইইউ প্রতিনিধি ও আইরিশ মন্ত্রী ডারা ও’ ব্রায়েন অভিযোগ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য যে পদক্ষেপগুলোর প্রয়োজন, সেগুলোর উল্লেখ নেই খসড়ায়।
ইইউ প্রতিনিধি ও আইরিশ মন্ত্রী ডারা ও’ ব্রায়েন বলেন, ‘যতবারই আমরা সংশোধনী পেশ করেছি ততবারই আমাদের স্পষ্ট বার্তা ছিল জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি যাতে চুক্তিতে উল্লেখ থাকে। কিন্তু চূড়ান্ত খসড়াটি জলবায়ু সংকটের বাস্তবতাকে তুলে ধরে না এবং এতে প্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষাও নেই।’
একই কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু বিষয়ক কমিশনারও। অভিযোগ করেন, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রয়োজনীয়তা স্পষ্টভাবে তুলে ধরতে পারেনি আয়োজকরা।