জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডের আওতায় ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ। উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সেখানকার মানুষের জীবনমান উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর তৃতীয় দিনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় আন্তালিয়া এক্সপো সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বেলা ১২টায় জলবায়ু সম্মেলন কেন্দ্রে এ অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে। জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো এ ধরনের ঘোষণা এলো। ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ড থেকে বাংলাদেশকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এটি আমাদের জন্য বড় পাওয়া। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন। তা হলো, দেশের চলমান কার্যক্রম বাস্তবায়নে ঋণের প্রয়োজন রয়েছে। ব্যবসা করতে গেলে ব্যাংকঋণ প্রয়োজন। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক ও এআইবি ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যপদ্ধতি তৈরি করতে হবে। জলবায়ু খাতের ঋণ সহজ শর্তে ও কম সুদে পাওয়া যায়। এসব তহবিল বাংলাদেশের জন্য কার্যকর হবে বলে তিনি মনে করেন। প্রতিমন্ত্রী বলেন, ঋণ নিতে গেলে প্রতি হাজার টাকার বিপরীতে ১০০ টাকা অনুদান দিতে হয়। অনুদান পাওয়ার মাধ্যমে বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে সংযোগ তৈরি হবে। এটি কোনো দাতব্য সহায়তা নয়, বরং উন্নত দেশগুলোর দায়িত্ব। পাশাপাশি জলবায়ু ঋণ পাওয়ার জন্যও বাংলাদেশকে চেষ্টা করতে হবে, যাতে সহজ শর্তে ঋণ নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা যায়। প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ যে অনুদান পাচ্ছে, তা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যয় করা হবে। আজ যে অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে, তা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ব্যবহার করা হবে। এ অর্থ দিয়ে মূলত ইকোসিস্টেম রেস্টোরেশন, আশ্রয়কেন্দ্র এবং ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ করা হবে। আরও পড়ুন কপ৩১: যুক্তরাষ্ট্রবিহীন সম্মেলনে কী সিদ্ধান্ত নেবে বিশ্ব ১১ নভেম্বর ২০২৬ সংবাদ সম্মেলনে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, এবারই প্রথম পরিবেশ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জলবায়ু সম্মেলনকে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মেলনে যোগ দেওয়ার আগে এ বিষয়ে একাধিকবার বৈঠক ও আলোচনা হয়েছে। প্রথমবারের মতো পরিবেশ বিশেষজ্ঞ, সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বসে কার্যপদ্ধতি ঠিক করা হয়েছে। শামা ওবায়েদ বলেন, এবারের কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের বক্তব্য এক ও অভিন্ন রাখার বিষয়ে স্পষ্ট অবস্থান ছিল। সরকারি বা বেসরকারি পর্যায়ে যেখান থেকেই কথা বলা হোক না কেন, সবার বক্তব্য যেন একই রকম হয়, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সবচেয়ে ভালো কিছু নিয়ে যাওয়ার বিষয়টিও এবার নিশ্চিত করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের কপ-৩১ সম্মেলনে অনেক দেশ উপস্থিত ছিল না। তবে বাংলাদেশ সেখানে উপস্থিত ছিল। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অনেক অর্জন রয়েছে। এ কারণে জলবায়ু বিষয়ে নেতৃত্বের জায়গায় রয়েছে বাংলাদেশ। দেশের সোনালি আঁশখ্যাত পাটের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ‘পাটসম্পদ আমাদের জন্য গর্বের। এ পাট নিয়ে আমাদের অহংকার করার মতো অনেক কিছু আছে। যেটা আমরা পরিবেশবান্ধব পণ্য হিসেবে সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই এবং ব্যবসায়িক পরিবেশবান্ধব পণ্য হিসেবে এটিকে রপ্তানি করতে চাই। যে পণ্য বিশ্বের বাজারে থাকা প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে কাজ করবে।’ তিনি আরও বলেন, তুরস্কে বাংলাদেশের বেশ কয়েকটি বৈঠক হয়েছে। এর মধ্যে তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও তাদের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। এসব বৈঠকে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ত্রী জোবায়দা রহমানের সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী মিসেস এরদোয়ানের বৈঠক হয়েছে। বৈঠকের সফলতা তুলে ধরে তিনি বলেন, এ বৈঠকে বাংলাদেশের পাটকে তুরস্কের প্রধানমন্ত্রী সাদরে গ্রহণ করেছেন, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা বিভিন্ন সমস্যা মোকাবিলা করে কীভাবে সামনে এগিয়ে যাচ্ছেন এবং এসব সমস্যার সমাধান করছেন, তা জানতে তুরস্কের একটি বিশেষজ্ঞ দল বাংলাদেশে পাঠানোর আগ্রহ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া জিরো ওয়েস্ট উদ্যোগ নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী।