ভল্ট থেকে বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই টাকা সরিয়ে আত্মসাৎ করেন, বলা হয় এজাহারে।
ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার সাবেক ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ব্যাংকের ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ টাকা সরিয়ে আত্মসাতের মামলায় ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার সাবেক ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে তিন ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামি ব্যাংকটির সাবেক এফভিপি ও অপারেশন ম্যানেজার এমরান আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় খালাস পেয়েছেন। আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম একথা জানিয়েছেন।
রায়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের দায়ে রিফাতুলকে ১০ বছরের কারাদণ্ড এবং আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ডের টাকা ঢাকা ব্যাংক লিমিটেডকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে প্রতারণার দায়ে তাকে ৫ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের কারাভোগ করতে হবে।
এছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়ে তাকে আরও ৫ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায়ে বলা হয়, এক ধারার পর আরেক ধারার সাজা চলবে। সেক্ষেত্রে আসামিকে ২০ বছরের কারাভোগ করতে হবে বলে জানিয়েছেন ফকির জাহিদুল ইসলাম।
মামলার বিবরণে বলা হয়, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে। এ সময় শাখার ভল্টে নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি পাওয়া যায়।
এ বিষয়ে তখন দায়িত্বে থাকা ক্যাশ ইনচার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে ওই টাকা সরিয়ে আত্মসাতের কথা স্বীকার করেন বলে এজাহারে তুলে ধরা হয়।
এজাহারে বলা হয়, ভল্টে রাখা ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ১ হাজার টাকার নোট সাজিয়ে রাখা হত। এতে বাইরে থেকে দেখলে বান্ডিলগুলো বেশি মূল্যমানের নোটের বলে মনে হতো। এভাবে ভল্টের প্রকৃত অর্থের ঘাটতি আড়াল করা হত।
এ ঘটনায় ব্যাংকের বংশাল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক ও শাখার তৎকালীন এফভিপি ও ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ আনা হয়।
পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদনে ২০২১ সালের ১৯ জুন রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা হয়।
২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরের বছরের ২২ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
মামলার বিচার চলাকালে আদালত ১৬ জনের সাক্ষ্য নেয়। আসামিদের আত্মপক্ষ শুনানি, মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় দিল।
জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া
মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস