সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন দলীয় সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার নেতা-কর্মীদের নিয়ে সভা করেন। পরে এক কর্মীকে আটকের পর জিজ্ঞাসাবাদে সভার স্থান শনাক্ত করে পুলিশ। গতকাল বুধবার রিসোর্টে অভিযান চালিয়ে রিসোর্টের কর্মীসহ চারজনকে আটক করা হয়। একই রাতে রনজিত সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৭৫ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।