নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন হবে ধাপে ধাপে; ফলে শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ধাপে ধাপে নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত অনুযায়ী বেতন পেতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা, কিন্তু তাদের শ্রান্তি ও বিনোদন ভাতার হিসেব কীভাবে হবে, তা নিয়ে ছিল অস্পষ্টতা।
নতুন বেতনস্কেল কার্যকরের প্রথম বছরে শ্রান্তি ও বিনোদন ভাতা কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে বৃহস্পতিবার একটি নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ।
সেখানে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়া কর্মচারীরা সংশ্লিষ্ট মাসে পাওয়া মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন।
সর্বনিম্ন গ্রেডে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ বেতন বাড়িয়ে গত ১৯ সেপ্টেম্বর সরকারি চাকুরেদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন হবে ধাপে ধাপে।
১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোর বাড়তি বেতনের ৪০ শতাংশ পাবেন এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ৫০ শতাংশ হারে।
২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা নতুন বেতন কাঠামোতে বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং ১০ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।
২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে।
আর মূল বেতনের সঙ্গে যেসব ভাতা পেয়ে থাকেন সরকারি চাকুরেরা, সেসব পুরোপুরি বাস্তবায়ন হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
এ হিসেবে চলতি বছরের পহেলা জুলাই থেকে আগামী বছরের ৩০ জুনের মধ্যে একজন সরকারি কর্মী যে মূল বেতন পাবেন, শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে তার ভিত্তিতেই ভাতা নির্ধারিত হবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যান, সেই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন তোলেন, তার সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পান।
প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে, এটি বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের ফলে নির্ধারিত বেতন নয়, বরং আহরিত মূল বেতনের ভিত্তিতে হিসাব হবে।
একবার এ ভাতা তোলা হলে পরে বেতন নির্ধারণজনিত কারণে সংশ্লিষ্ট কর্মচারী কোনো বকেয়া পাবেন না।
একজন সরকারি কর্মী প্রতি তিন বছর পর এক মাসের মূল বেতনের সমপরিমাণ শ্রান্তি ও বিনোদন ভাতা পেয়ে থাকেন।
জাতীয় মঞ্চে প্রদর্শনী, চলনবিলে শামুক কুড়ানো আদিবাসীর হাতে হাতকড়া
মৃত পথকুকুরের ছানাকে বাঁচাবার আর্জি: প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
আমাদের রাজনৈতিক ঐতিহ্য বোমা আর আগুন সন্ত্রাস