1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

মেসিকে ছাড়া আর্জেন্টিনা, এখনও বিশ্বাস হচ্ছে না সতীর্থদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

একটা সময় ছিল, আন্তর্জাতিক বিরতি মানেই আর্জেন্টিনা শিবিরে লিওনেল মেসির ফেরার অপেক্ষা। বিশ্বের নানা প্রান্ত থেকে একে একে সতীর্থরা এসে জড়ো হতেন। আর তাদের মধ্যমণি হয়ে থাকতেন মেসি। কখনো হাসি-ঠাট্টা, কখনো অনুশীলনে খুনসুটি, আবার কখনো মাঠে সবাইকে পথ দেখানো। দুই দশকের বেশি সময় ধরে এমন দৃশ্যই ছিল আর্জেন্টিনা ফুটবলের চেনা ছবি। কিন্তু সেই ছবিটাই এবার বদলে গেছে। উরুগুয়ে ম্যাচকে স্মনে রেখে আবারও এক হচ্ছেন আর্জেন্টিনার ফুটবলাররা, অথচ তাদের মধ্যে নেই সবচেয়ে পরিচিত মুখটি। লিওনেল মেসি যে আর ফিরবেন না জাতীয় দলের জার্সিতে!

গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন মেসি। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকাসহ কত সাফল্যই না এনে দিয়েছেন দেশকে। সতীর্থদের কাছে তিনি ছিলেন কেবল অধিনায়ক নন, ছিলেন সবচেয়ে বড় নির্ভরতার নাম। সেই মেসিকে ছাড়াই এবার নতুন পথচলা শুরু করতে হচ্ছে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

মেসির বিদায়টা অবশ্য এখনো পুরোপুরি মেনে নিতে পারছেন না তার সতীর্থরা। বিশেষ করে অ্যালেক্সিস ম্যাক আলিস্তারের কথাতেই ফুটে উঠেছে সেই শূন্যতা। লিভারপুলের এই মিডফিল্ডার যেন এখনো বিশ্বাস করতে পারছেন না, আর্জেন্টিনার ড্রেসিংরুমে আর দেখা যাবে না তাদের প্রিয় লিওকে।

স্প্যানিশ সংবাদমাধ্যম 'এএস'কে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক আলিস্তার বলেছেন, ‘ব্যাপারটা অদ্ভুত লাগবে। আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারছি না যে লিও আর আমাদের সঙ্গে থাকবে না। আমাদের মনের একটা অংশ এখনো চায়, সে আমাদের সঙ্গে থাকুক। তবে আমরা পরিস্থিতিটা বুঝি। এটাও জানি, নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে। আমাদের সেটিকে সবচেয়ে ভালোভাবে মোকাবিলা করতে হবে।’

কথাগুলোয় যেমন প্রিয় সতীর্থকে হারানোর আক্ষেপ, তেমনি আছে বাস্তবতা মেনে নেওয়ার চেষ্টাও। এত দিন মাঠের কঠিন মুহূর্তে যে মানুষটির দিকে তাকিয়ে থাকতেন সবাই, এখন আর সেই সুযোগ নেই। প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে কিংবা ম্যাচের ভাগ্য বদলে দিতে মেসির এক মুহূর্তের জাদুই ছিল যথেষ্ট। এখন সেই দায়িত্ব ভাগ করে নিতে হবে সবাইকে।

ম্যাক আলিস্তারও তাই মনে করিয়ে দিয়েছেন নতুন চ্যালেঞ্জের কথা, ‘বিশ্বের সেরা খেলোয়াড়টি এখন আর আমাদের সঙ্গে নেই। তাই দল হিসেবে আমাদের আরও শক্তিশালী হতে হবে। আর্জেন্টিনায় সব সময়ই অনেক প্রতিভাবান ফুটবলার আছে। যারা চলে গেছে, তাদের জায়গা নেওয়ার মতো ভালো খেলোয়াড়ও আসবে। কিন্তু লিও অনন্য। তার মতো আর কেউ কখনো আসবে না।’

মেসির অনুপস্থিতিতে আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে শুধু একজন ভালো ফুটবলার খুঁজে বের করা নয়, সেটিও পরিষ্কার করেছেন এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডার। তার মতে, মেসির মতো একজন খেলোয়াড়ের অভাব কোনো একজনের পক্ষে পূরণ করা সম্ভব নয়।

‘আমাদের এমন একটা দল হয়ে উঠতে হবে, যারা একসঙ্গে শক্তিশালী। কারণ এখন আমাদের কাছে এমন কোনো খেলোয়াড় নেই, যে একাই পুরো ম্যাচের চিত্র বদলে দিতে পারে। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমরা চাই। আর সে জন্য অনেক পরিশ্রম করতে হবে,’ বলেন ম্যাক আলিস্তার।

মেসির বিদায়ে আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সির উত্তরসূরি নিয়েও চলছে আলোচনা। সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে ইতালিয়ান ক্লাব কোমোর তরুণ মিডফিল্ডার নিকো পাজের নাম উঠে আসছে। তবে ম্যাক আলিস্তার চান না, এখনই মেসির সঙ্গে তুলনার ভার চাপিয়ে দেওয়া হোক তরুণ এই ফুটবলারের কাঁধে। বরং তার প্রতিভার বিকাশে সতীর্থদের পাশে দাঁড়ানোর কথাই বলেছেন তিনি।

পাজকে নিয়ে ম্যাক আলিস্টারের মূল্যায়ন, ‘ও অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড়। দারুণ সামর্থ্য আছে তার। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা সতীর্থরা যেন তাকে সাহায্য করতে পারি, যাতে কোমোতে যে পর্যায়ের ফুটবল সে খেলছে, জাতীয় দলেও সেটি ধরে রাখতে পারে। মানুষ তাকে ভালোবাসে, সমর্থন করে। আমরাও সব সময় তার পাশে থাকব।’

আগামী ১৩ নভেম্বর উরুগুয়ে এবং ১৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মেসির আনুষ্ঠানিক বিদায়ের পর এই প্রথম মাঠে নামবেন লিওনেল স্কালোনির শিষ্যরা। ফলে ম্যাচ দুটি কেবল নতুন আন্তর্জাতিক বিরতির আনুষ্ঠানিকতা নয়, আর্জেন্টিনা ফুটবলের নতুন অধ্যায়ের শুরুও।

মেসিকে ছাড়া মাঠে নামার অভিজ্ঞতা অবশ্য আর্জেন্টিনার কাছে নতুন নয়। চোট কিংবা বিশ্রামের কারণে আগেও অনেক ম্যাচ খেলেছেন তার সতীর্থরা। কিন্তু এবারের অনুভূতি সম্পূর্ণ আলাদা। এত দিন মেসি না থাকলেও ফেরার অপেক্ষা ছিল, আবারও তার সঙ্গে মাঠে নামার সম্ভাবনা ছিল। এবার সেই অপেক্ষাটাই শেষ হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ