1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ সাদপন্থিদের চার দফা দাবি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View

তাবলিগ জামাতের মূলধারার বিশ্ব ইজতেমার তারিখ দ্রুত ঘোষণা, অপপ্রচার ও উসকানি বন্ধ এবং একপক্ষীয় রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধসহ চার দফা দাবি জানিয়েছেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। একই সঙ্গে সব হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা এবং কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানের ন্যায্য বণ্টনের দাবিও জানিয়েছেন তাঁরা।

সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সাদপন্থিরা। ‘তাবলিগ জামাত বাংলাদেশের বরেণ্য ওলামায়ে কেরাম ও সুশীল সমাজ’-এর ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা এবং তাবলিগ জামাতের চলমান সংকট নিরসনের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষক মো. নাজিম উদ্দিন ভূঁইয়া।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রায় ৬০ বছর ধরে তাবলিগ জামাতের মূলধারা টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন করে আসছে। তবে গত ছয়-সাত বছর ধরে সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে ইজতেমা ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, উসকানি ও বিতর্ক বেড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্ব ইজতেমার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, যা দেশের জন্যও উদ্বেগজনক।

বক্তব্যে আরও বলা হয়, বিশ্ব তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীকে কেন্দ্র করে বিভিন্ন ওয়াজ মাহফিল, মসজিদের মিম্বর ও অন্যান্য পরিসরে বিতর্কিত বক্তব্য, অভিযোগ ও অপপ্রচার চালানো হচ্ছে। তাবলিগ জামাতের বিভাজন নিরসনে আলেমদের নিরপেক্ষ ভূমিকা পালন করা প্রয়োজন। কোনো পক্ষের হয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া কিংবা সরকারের ওপর একতরফা চাপ সৃষ্টি না করে শান্তিপূর্ণ সমাধানের পথ তৈরি করতে হবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মারকাযুস সুফফাহ আল ইসলামিয়া বাংলাদেশের প্রিন্সিপাল মুফতি শফিউল্লাহ মাক্কী অভিযোগ করেন, সাদপন্থিরা ইজতেমা আয়োজনের উদ্যোগ নিলে প্রতিপক্ষ বাধা দেয়। এবারও তারা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তৃতীয় একটি পক্ষ যুক্ত হয়ে বিরোধকে রাজনৈতিক রূপ দিচ্ছে বলেও অভিযোগ করেন মুফতি শফিউল্লাহ মাক্কী।

‘তৃতীয় পক্ষ কারা’—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সাবেক কর্মকর্তা রেজাউল করিম বলেন, হেফাজতে ইসলামের একটি অংশ এ কাজের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক সংবাদ সম্মেলন ও উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে বলেও দাবি করেন তিনি।

রেজাউল করিমের ভাষ্য, অন্য সময়ে এসব ব্যক্তিকে দেখা না গেলেও বিশ্ব ইজতেমার সময় এলেই তাঁরা এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাভারের মারকাজুল উলুম আশ শারইয়্যাহর জ্যেষ্ঠ মুহাদ্দিস মাওলানা গোলাম মুস্তাফা, রাজধানীর ভাটারার মঈনুল ইসলাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আহাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মঞ্জুরুল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শফিউল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আশফাক এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খালেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ