নওগাঁর বদলগাছীতে উপজেলার ৮টি ইউনিয়নের ৬৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এসব সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল বিতরণ করেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে হুদা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বলেন, আজকে গ্রাম পুলিশদের চলাচলের সুবিধার জন্য সাইকেল বিতরণ করা হলো। আশা করি এর ফলে তাদের প্রশাসনিক ও দায়িত্বপালনের কাজে আরও গতি আসবে। মাঠপর্যায়ে গ্রামে গ্রামে মাদক, বাল্যবিবাহ, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধের তথ্য দ্রুত থানা পুলিশকে অবহিত করতে তারা আরও সক্ষম হবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সমাজসেবা কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ নূর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।