1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

ছুটি শেষে চেনা রূপে ঢাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

টানা পাঁচ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতেই রাজধানীর সড়কে বাড়তি চাপের মুখে পড়েছেন নগরবাসী। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে সড়ক। বাসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা বাস এলেই ওঠার জন্য ভিড়। কোথাও যানজট, কোথাও গাড়ির হর্ন, আবার কোথাও রাস্তা পারাপারে ব্যস্ত পথচারী। সব মিলিয়ে ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে ঢাকা।

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে এমন চিত্র দেখা গেছে। দুর্গাপূজার ছুটি শেষে অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য কাজে বের হওয়া মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বেড়েছে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চলাচল।

সরেজমিনে দেখা গেছে, ভোর থেকেই মহানগরীর সড়কে কর্মজীবী মানুষের আনাগোনা লক্ষ্য করা গেছে। সকালের ব্যস্ত সময়ে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় কর্মস্থলমুখী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো ছিল।

বাসের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের অনেককে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাস এলে ওঠার জন্য তৈরি হয় প্রতিযোগিতা। ভিড়ের কারণে কেউ কেউ বাসে উঠতে না পেরে পরের গাড়ির অপেক্ষা করেন। যাত্রী ওঠানো-নামানোর সময়ও সড়কে যানবাহনের গতি কমে আসে।

সায়েদাবাদ ও যাত্রাবাড়ী রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় এসব এলাকায় গণপরিবহনের চাপ বাড়লে তার প্রভাব পড়ে আশপাশের সড়কেও। কর্মস্থলে পৌঁছানোর তাড়া, বাসের জন্য অপেক্ষা এবং সড়কে যানবাহনের বাড়তি উপস্থিতিতে সকালের যাতায়াত হয়ে ওঠে ভোগান্তিপূর্ণ।

এদিকে সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোথাও বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের, কোথাও আবার ধীরগতিতে এগিয়েছে যানবাহন। ব্যস্ত সড়কে গাড়ির সারি আর ফুটপাত দিয়ে দ্রুতগতিতে হেঁটে চলা মানুষের দৃশ্য বলে দিচ্ছিল, ছুটির আমেজ পেছনে ফেলে আবারও চেনা কর্মব্যস্ততায় ফিরেছে ঢাকা।

পল্টন এলাকায়ও সকাল থেকে বাড়তে থাকে মানুষের চলাচল। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের ভিড়ে ফুটপাতগুলো হয়ে ওঠে ব্যস্ত। কেউ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন, কেউ রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছেন। অন্যদিকে সড়কে যানবাহনের চাপ সামলাতে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে দেখা যায়।

অন্যদিকে গুলিস্তান এলাকায় গণপরিবহনের পাশাপাশি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ির চলাচল ছিল বেশি। সড়কে গাড়ির সারি, যাত্রী ওঠানো-নামানো এবং রাস্তা পারাপারে পথচারীদের ব্যস্ততায় এলাকাটিতে ফিরে আসে কর্মদিবসের পরিচিত চিত্র। ফুটপাত দিয়ে দ্রুতগতিতে গন্তব্যের দিকে ছুটতে দেখা যায় কর্মজীবী মানুষকে।

যাত্রাবাড়ী থেকে গুলিস্তানগামী যাত্রী সিফাত রহমান বলেন, ছুটির সময় রাস্তায় চাপ কিছুটা কম ছিল। আজ সকালে বের হয়েই আবার আগের পরিস্থিতি দেখছি। বাসে দাঁড়ানোর জায়গাও পাওয়া কঠিন। যানজটের কারণে কখন গন্তব্যে পৌঁছাব, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

গুলিস্তান এলাকায় শিকড় বাসচালক বলেন, ছুটির পর আজ যাত্রী বেশি। বিভিন্ন জায়গায় যাত্রী ওঠানো-নামানোর সময় গাড়ি ধীরে চালাতে হচ্ছে। রাস্তায় গাড়ির চাপ থাকলে এক ট্রিপ শেষ করতেও বেশি সময় লাগে। এতে চালক ও যাত্রী, দুপক্ষকেই ভোগান্তিতে পড়তে হয়।

দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও ছুটি শেষে সেই চিত্র বদলে গেছে। কর্মস্থলে ফেরা মানুষের সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চলাচল। সকালবেলার ব্যস্ত সময়ে সড়কে তৈরি হয়েছে যানজট, বাসে দেখা গেছে যাত্রীদের ভিড়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ