1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ঢাকা-কক্সবাজার রুটে আজ থেকে চলবে ‘মহানগর এক্সপ্রেস’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

রাজধানী থেকে কক্সবাজার ভ্রমণ আরো সহজ ও আরামদায়ক করতে আজ সোমবার থেকে যুক্ত হচ্ছে নতুন ট্রেন সার্ভিস ‘মহানগর এক্সপ্রেস’। বর্তমানে ট্রেনটি শুধু চট্টগ্রাম-ঢাকা রুটে চলাচল করলেও সার্ভিসটির যাত্রাপথ পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া,

কুমিল্লা, ফেনীসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা ট্রেন পরিবর্তন ছাড়াই এখন থেকে সরাসরি কক্সবাজার যাতায়াতের সুবিধা পাবেন।

বর্তমানে কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটন এক্সপ্রেস’ নামে দুটি ট্রেন সার্ভিস চালু রয়েছে। বিরতিহীন এই সার্ভিস কেবল চট্টগ্রাম ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করে। নতুন মহানগর এক্সপ্রেস সার্ভিস কক্সবাজার-ঢাকা রুটে অন্তত ১৪ স্টেশনে যাত্রাবিরতি করবে।

রেলওয়ে সূত্র বলছে, কক্সবাজার-ঢাকা রুটের মহানগর এক্সপ্রেস সার্ভিসটি বাংলাদেশ রেলওয়ে নির্ধারিত নতুন রুট ও সময়সূচি অনুযায়ী চলাচল করবে। প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং পরদিন সকাল ৬টায় কক্সবাজারের আইকনিক স্টেশনে পৌঁছাবে।

অপরদিকে, ফিরতি যাত্রায় কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে যাত্রাবিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে। তবে ট্রেনটি প্রতি রোববার বন্ধ থাকবে।

সূত্রমতে, মহানগর এক্সপ্রেস ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে। এতে আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬টিতে উন্নীত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ সিটের ধরন ও রুট অনুযায়ী ভাড়া নির্ধারণ করেছে। এই রুটে সর্বনিম্ন ভাড়া (শোভন চেয়ার) ৬৮৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া (এসি ক্যাটাগরি) ১,৫৭০ টাকা পর্যন্ত। তবে কক্সবাজার-চট্টগ্রাম অংশের জন্য সর্বনিম্ন ভাড়া ২৪০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। তবে বর্ধিত এই নতুন রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের নিয়মানুযায়ী অনলাইনে (RailSebaApp/Web) এবং রেলওয়ে স্টেশন কাউন্টার থেকে সরাসরি টিকিট কেনা যাবে। সূত্রমতে, ঢাকা থেকে আজকের যাত্রার জন্য টিকিট আগেই বিক্রি শুরু হয়েছে। কক্সবাজার থেকে ঢাকায় ফেরার জন্য ২৭ অক্টোবরের যাত্রার টিকিট বুকিংয়ের ব্যবস্থা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ঢাকা থেকে কক্সবাজার রুটে সরাসরি রেল যোগাযোগ চালুর ফলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর যাত্রীদের ভোগান্তি যেমন কমবে, তেমনি কক্সবাজারের হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় ট্যুরিজম খাতে আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।

এ বিষয়ে কক্সবাজার রেলস্টেশনের ব্যবস্থাপক জয়নাল আবেদীন বলেন, প্রতিদিন মহানগর এক্সপ্রেসের দুটি ট্রেন কক্সবাজার-ঢাকা রুটে চলাচল করবে। পাশাপাশি আগের মতোই কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস এই রুটে নিয়মিত চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ