খুলনার তেরখাদায় এবার দিনে-দুপুরে মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতাকে গুলি করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কের খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রামীম বিশ্বাস পারহাজীগ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম একটি ভ্যানে ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পাঁজরে গুলি লেগে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
এর আগে, গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধের জেরে খুলনা নগরীতে গুলিতে দুজন নিহত হয়েছিলেন।