মডেল, অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা আল হারুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স কত ছিল, তা জানা যায়নি। তুলনার ছোট ভাই আয়াজ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে তুলনার ব্রেন টিউমার ধরা পড়ে। পরে তা থেকে ক্যানসার শনাক্ত হয়। এর আগে অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। তবে সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’ ২৪ অক্টোবর ২০২৬ চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তুলনা আল হারুন দীর্ঘ কর্মজীবনে মডেলিং, অভিনয় ও উপস্থাপনায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি পরিচিত ছিলেন। ব্যক্তিগত জীবনের কঠিন সময় আড়ালে রেখেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থিতি ও ইতিবাচক মনোভাবের মাধ্যমে ভক্তদের কাছে জনপ্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন সহকর্মী, দেশের পরিচিত ফ্যাশন কোরিওগ্রাফার, ডিজাইনার ও ভক্তরা। তার মৃত্যুতে দেশের সাংস্কৃতিক ও বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার জানিয়েছে, শনিবার মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে তুলনা আল হারুনের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।