নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হলেও আপাতত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভাতা বাড়ছে না। পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত চলতি বছরের ৩০ জুনে কার্যকর থাকা হারেই বাড়িভাড়া, চিকিৎসাসহ অন্যান্য ভাতা পাবেন তারা।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।
তবে চলতি মাসের বেতন থেকেই নতুন বেতনকাঠামোর আওতায় বাড়তি অর্থ পেতে শুরু করবেন সরকারি চাকরিজীবীরা। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, বর্ধিত বেতন পরিশোধের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের ২০২৬ সালের বেতন ও ভাতাদি আদেশে নির্ধারিত মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত মূল বেতনের শতকরা হারে ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকরের বিষয়টি পরে বাস্তবায়ন করা হবে বলে আগেই জানানো হয়েছিল।
নতুন বেতনকাঠামোতে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৫৬,০০০ টাকা। গত ১ জুলাই থেকে এ কাঠামো কার্যকর ধরা হলেও বর্ধিত বেতন একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপ, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপ এবং একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে মূল বেতন কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
এদিকে, নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতন নির্ধারণের কাজও চলছে। এ জন্য ৫ অক্টোবর থেকে সরকারি কর্মচারীরা সরকারের আইবাস++ ব্যবস্থার 'পে ফিক্সেশন' অপশনে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন। আগামীকাল মঙ্গলবারের মধ্যে এ প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।
অর্থ বিভাগ সূত্র জানায়, বেতন নির্ধারণের কাজ শেষ হলে চলতি মাসের বেতন পরিশোধের ক্ষেত্রে নতুন কাঠামো অনুযায়ী বর্ধিত মূল বেতন কার্যকর করা হবে। তবে নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে কর্মচারীদের অপেক্ষা করতে হবে ধাপে ধাপে বাস্তবায়ন এবং ভাতা কার্যকরের নির্ধারিত সময় পর্যন্ত।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.