1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল পুনমের। ভারতের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে চারটি টেস্ট, ৭৩টি ওয়ানডে ও ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ৩ হাজার ২৮২ রান।

২০২১ সালের অক্টোবরের পর আর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি পুনম। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকার পর এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। তবে ২০১৭ সালের নারী বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে ২৬৪, ওয়ানডেতে ২ হাজার ২৯৯ এবং টি-টোয়েন্টিতে ৭১৯ রান করেছেন পুনম। ওয়ানডেতে তিনটি ও টেস্টে একটি সেঞ্চুরি রয়েছে তার। এ ছাড়া ওয়ানডেতে ১৫টি এবং টি-টোয়েন্টিতে চারটি অর্ধশতক করেছেন এই ভারতীয় ক্রিকেটার।

পুনমের ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায় ২০১৭ সালের নারী বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। টুর্নামেন্টে ৩৮১ রান করে ভারতের ফাইনালে ওঠার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন পুনম।

লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ৮৬ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ৯ রানে হেরে শিরোপা হাতছাড়া করে ভারত। ওই বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের ইনিংসও খেলেছিলেন পুনম। দীপ্তি শর্মার সঙ্গে উদ্বোধনী জুটিতে গড়েছিলেন ৩২০ রান, যা নারী ওয়ানডেতে রেকর্ড জুটি হিসেবে পরিচিত।

অবসরের বার্তায় নিজের ক্রিকেটযাত্রার নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন পুনম। মুম্বাইয়ের ক্রিকেটের পরিসর থেকে ভারতীয় দলের জার্সি গায়ে তোলার পুরো পথচলাকে আশীর্বাদ হিসেবে দেখছেন তিনি।

বিদায়বার্তায় পুনম লেখেন, মুম্বাইয়ের রাস্তা থেকে ভারতীয় জার্সি পরা পর্যন্ত এই যাত্রা আশীর্বাদের চেয়ে কম কিছু ছিল না। এই সফরে ছিল অনেক ত্যাগ, লড়াই, কখনো না ভোলার মতো জয় এবং কঠিন শিক্ষা, যে মুহূর্তগুলো সারা জীবন আগলে রাখব।

ভারতের প্রতিনিধিত্ব করাকে কেবল স্বপ্নপূরণ নয়, বিশেষ সৌভাগ্য হিসেবেও দেখেন পুনম। জাতীয় দলের হয়ে দায়িত্ব পালনের সুযোগ তিনি গর্বের সঙ্গে গ্রহণ করেছিলেন বলে জানান।

আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ করার মুহূর্তে পাশে থাকা মানুষদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক এই ব্যাটার। তার ওপর আস্থা রাখা, সহযোগিতা করা এবং ক্রিকেটজীবনের বিভিন্ন পর্যায়ে সমর্থন জোগানো প্রত্যেকের অবদান স্মরণ করেছেন তিনি।

অবসরের পর ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার আগ্রহও জানিয়েছেন পুনম। খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও ক্রিকেটকে কিছু ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে নতুন ইনিংস শুরু করতে চান ভারতের সাবেক এই ব্যাটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ