প্রতিপক্ষ সেই রোমা, উপলক্ষও একই। ১১ বছর আগে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়ন্স লিগে শততম ম্যাচ খেলার মাইলফলক ছুঁয়েছিলেন লিওনেল মেসি। এবার সেই রোমার বিপক্ষেই আর্জেন্টাইন মহাতারকার একটি রেকর্ড ভাঙার সামনে কিলিয়ান এমবাপে। সব ঠিক থাকলে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সে ১০০ ম্যাচ খেলা ফুটবলার হয়ে যাবেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা।
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডে রোমার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। ইতালির স্তাদিও অলিম্পিকোয় অনুষ্ঠেয় ম্যাচটিতে মাঠে নামলেই ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় শততম ম্যাচ খেলার কীর্তি গড়বেন এমবাপে।
এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তিনটি ক্লাবের হয়ে ৯৯ ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্যে মোনাকোর হয়ে ৯টি, পিএসজির হয়ে ৬৪টি এবং রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলেছেন ২৬টি ম্যাচ।
রোমার বিপক্ষে মাঠে নামলে ২৭ বছর ২৯৮ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচ পূর্ণ করবেন এমবাপে। তাতে ভেঙে যাবে বার্সেলোনার সাবেক তারকা মেসির রেকর্ড। ২৮ বছর ৮৪ দিন বয়সে প্রতিযোগিতাটিতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন এই আর্জেন্টাইন।
কাকতালীয়ভাবে মেসির সেই শততম ম্যাচের প্রতিপক্ষও ছিল রোমা। ২০১৫ সালের সেপ্টেম্বরে ইতালিয়ান ক্লাবটির বিপক্ষে খেলেই চ্যাম্পিয়নস লিগে ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।