জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, সেমিনার, কর্মশালা ও মানসিক স্বাস্থ্য মূল্যায়ন কার্যক্রমের আয়োজন করা হয়।
এসব কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মানসিক চাপ মোকাবিলা এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।
রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
র্যালি শেষে উপাচার্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে স্থাপিত ‘মেন্টাল হেলথ অ্যাসেসমেন্ট’ স্টলগুলো পরিদর্শন করেন। দিনব্যাপী এসব স্টলে শিক্ষার্থীদের মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা ও আত্মসম্মানবোধ মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শসেবা দেওয়া হয়।
পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মধ্যেই মানসিক স্বাস্থ্যচর্চাকে সীমাবদ্ধ রাখলে চলবে না; এটি দৈনন্দিন জীবনের নিয়মিত চর্চার বিষয়। তিনি শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
উপাচার্য আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানসিক স্বাস্থ্য উন্নয়নে কী ধরনের সংস্কার ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে হতাশার প্রবণতা কমাতে আবাসনসংকট ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতার মতো দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত উদ্যোগ নিতে হবে।
শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে মানসিক স্বাস্থ্য কাউন্সেলিংয়ের জন্য নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা-তু-জোহরা বিনতে জামানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. আশোক কুমার সাহা। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন অধ্যাপক ড. নূর মোহাম্মাদ ও অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান।
সেমিনার শেষে মানসিক স্বাস্থ্যবিষয়ক তিনটি পৃথক বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। এসব কর্মশালায় মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সুস্থতা বজায় রাখা এবং মানসিক স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এদিকে, একই দিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির নেতারা উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কমিটির সভাপতি আরিফুল হক, সহসভাপতি এম. সুজাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাব্বাত হোসেনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিল ‘জীবনের অভিজ্ঞতা শুনি: সত্যিকারের কথা, সত্যিকারের পরিবর্তন’।