সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত এবং তিন শতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দলটি।
রোববার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া যাত্রী থাকার আশঙ্কা অত্যন্ত উদ্বেগের বিষয়। এনসিপি নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে।
একই সঙ্গে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলটি বলেছে, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা প্রদান, নিহতদের লাশ দ্রুত দেশে প্রত্যাবাসন এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া হজ ও ওমরাহযাত্রীসহ সব যাত্রীর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে এনসিপি বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরকারী ও বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।