আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর যুক্তরাষ্ট্রের ঘোষিত নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা জানিয়েছে কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য। একই সঙ্গে আদালতটির স্বাধীনতা ও নিরপেক্ষতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে দেশগুলো।
আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে আট দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় দুঃখ প্রকাশ করেন এবং এর তীব্র বিরোধিতা করেন। দেশ আটটিই আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার ভিত্তি রোম সংবিধির স্বাক্ষরকারী ও সদস্যরাষ্ট্র।
বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেন, নিষেধাজ্ঞা কার্যকর হলে আদালতের কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের ওপর গুরুতর প্রভাব পড়বে।
তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ের সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং ভুক্তভোগীদের সহায়তা দেওয়ার ক্ষেত্রে আইসিসির কর্মকর্তা-কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
সম্ভাব্য নিষেধাজ্ঞার মধ্যেও রোম সংবিধি অনুযায়ী আদালতের কার্যক্রম অব্যাহত রাখতে আইসিসি যেসব প্রস্তুতিমূলক পদক্ষেপ নিয়েছে, সেগুলোকেও স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রীরা।
আট দেশ আইসিসির প্রতি তাদের ঐক্যবদ্ধ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। পাশাপাশি চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠেয় রোম সংবিধির সদস্যরাষ্ট্রগুলোর সম্মেলন সামনে রেখে সংবিধির সদস্য নয়, এমন দেশগুলোর সঙ্গে গঠনমূলক ও অংশগ্রহণমূলক সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সমর্থন দেওয়া, আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থা সমুন্নত রাখা এবং গুরুতর আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.