রাজশাহী প্রতিবেদক: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে রূপ দিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর রানীনগরে অবস্থিত হাসপাতালটি পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রতিমন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান। এ সময় তিনি হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ল্যাব, ওয়ার্ড, কেবিন ও অপারেশন থিয়েটার পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি হাসপাতালটি আয়তনে বড় হলেও এর ভবন অনেক পুরোনো। বিগত দিনে অযত্ন ও অবহেলার কারণে এখানে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হয়নি।’
তিনি বলেন, ‘রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাসপাতালটি নিয়ে বড় পরিকল্পনা রয়েছে। তার পরিকল্পনাগুলো বাস্তবসম্মত মনে হয়েছে। প্রশাসকের নেতৃত্বে এখানে একটি অত্যাধুনিক হাসপাতাল গড়ে তোলা সম্ভব হলে তা রাজশাহীবাসীর জন্য অত্যন্ত উপকারী হবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাসপাতালটির উন্নয়নে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। পাশাপাশি দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপনেও সহায়তা করা হবে। সিটি হাসপাতালটিকে রাজশাহীর অন্যতম প্রধান হাসপাতালে পরিণত করার সম্ভাবনা রয়েছে।’
এ সময় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। বিএনপি সরকারের অবদান থাকায় বিগত সরকারের আমলে হাসপাতালটির কোনো উন্নয়ন হয়নি। সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতালে রূপান্তরের বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি হাসপাতালটির আধুনিকায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
রাসিক প্রশাসক আরও বলেন, ‘রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, বাসযোগ্য, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। এ কাজে নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।’
পরিদর্শনকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু এবং সিটি হাসপাতালের ইনচার্জ ও আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বনি উপস্থিত ছিলেন।
এ ছাড়া বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আফরোজ, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. লিটন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম রজুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।