বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
‘ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান’ এই স্লোগান সামনে রেখে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন।
শুক্রবার বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা চত্বরে জাতীয় সংগীত দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন বাউল শিল্পী আবুল সরকার মহারাজ।
উদ্বোধনী পর্বের পর উদীচী ঢাকা মহানগর সংসদের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সেগুনবাগিচা ও পুরানা পল্টন এলাকা পরিভ্রমণ করে।
পরে জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা দেশে ক্রমাগত সাম্প্রদায়িকতার উত্থান এবং এতে বিভিন্ন সময়ে সরকারি পৃষ্ঠপোষকতার সমালোচনা করেন।
তারা বলেন, সংস্কৃতিচর্চার বিকাশ ছাড়া রাষ্ট্র কোনোভাবেই সামনে এগোতে পারবে না।
উদীচী ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক ইকবালুল হক খানের সভাপতিত্বে ও আরিফ নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী আব্দুল ওয়াদুদ, সিপিবির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান, উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম, সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।
আরও ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক সাজু আহমেদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, গণসংগীত শিল্পী আমিরুন নুজহাত মনীষা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দার চঞ্চল।
আয়োজকরা জানিয়েছেন, বেলা ৩টা থেকে সম্মেলনের দ্বিতীয় সেশনে মহানগর সংসদের কাউন্সিল অধিবেশন শুরু হয়। সেখানে নতুন কমিটি নির্বাচন শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে চতুর্দশ এই আয়োজন।
মোহাম্মদ ফরহাদ: শান্ত স্বরের অমিত শক্তি
তৌফিক ইমরোজ খালিদী: ভালোবাসা ও কৃতজ্ঞতার অর্ঘ্য
চিরবিদায়ের আগে প্যারিসে তৌফিক ভাইয়ের ৫ দিন
আমার বন্ধু তৌফিক ইমরোজ খালিদী ছিলেন কৌতূহলী, উদারমনা ও দূরদর্শী