বাংলাদেশের সরকারি ঋণ ব্যবস্থাপনায় নতুন এক দিগন্তের সূচনা হয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় নিলাম অনুষ্ঠিত হয়েছে। অর্থ বিভাগের পক্ষে এ নিলাম পরিচালনা করেছে বাংলাদেশ ব্যাংক।
সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘লাইবিলিটি ম্যানেজমেন্ট অপারেশনস’-এর একটি গুরুত্বপূর্ণ আধুনিক উপকরণ। এর মাধ্যমে সরকার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই বাজার থেকে বিদ্যমান সরকারি সিকিউরিটিজ পুনঃক্রয় করে নিতে পারে।
সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে সরকারি ঋণ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে। এর মধ্যে রয়েছে এককালীন ঋণ পরিশোধের চাপ কমানো, পুনঃঅর্থায়ন ঝুঁকি নিয়ন্ত্রণ, ঋণ পরিশোধের সময়সূচি আরও ভারসাম্যপূর্ণ করা এবং সরকারি সিকিউরিটিজ বাজারের দক্ষতা ও গতিশীলতা বাড়ানো।
অর্থ বিভাগ সরকারি ঋণের ব্যয় ও ঝুঁকির মধ্যে ভারসাম্য বজায় রাখা, ঋণ ব্যবস্থাপনাকে আরও টেকসই করা এবং সিকিউরিটিজ বাজারের উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করে আসছে। প্রথমবারের এই বাইব্যাক নিলামকে সেই সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সরকার জানিয়েছে, এ উদ্যোগ মধ্যমেয়াদি ঋণ ব্যবস্থাপনা কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভবিষ্যতে বাজার পরিস্থিতি, সরকারের নগদ অর্থের অবস্থান, বাজারের তারল্য, বিনিয়োগকারীদের চাহিদা এবং সরকারি ঋণের সার্বিক কাঠামো বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী এ ধরনের বাইব্যাক নিলাম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে