1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশে খুচরা ব্যাংকিং ব্যবসা বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকদের ‘অর্থ আত্মসাৎ’: অগ্রণী ব্যাংকের বরখাস্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে দুদক ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু একটি প্রাণ বাঁচাতে লড়ছিল পুরো গ্রাম, ফায়ার সার্ভিস কর্মকর্তার বিরুদ্ধে খরচ চাওয়ার অভিযোগ তালা ভেঙে খোলা হল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ভিসির কক্ষ এবার অস্ট্রেলিয়ার দুই উৎসবে ‘প্রিন্সেস’ ভাবনা! প্রথমবার সরকারি ট্রেজারি বন্ড পুনঃক্রয় নিলাম করল বাংলাদেশ ব্যাংক

একটি প্রাণ বাঁচাতে লড়ছিল পুরো গ্রাম, ফায়ার সার্ভিস কর্মকর্তার বিরুদ্ধে খরচ চাওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৩ Time View

কিশোরগঞ্জের কুলিয়ারচরের দোয়ারিয়া গ্রামে একটি পরিত্যক্ত কূপে পড়ে যায় একটি কুকুর। গতকাল বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। কূপের অন্ধকার পানিতে প্রাণপণে ভেসে থাকার চেষ্টা করছিল প্রাণীটি। আর এটিকে উদ্ধারে একে একে জড়ো হতে থাকেন গ্রামের মানুষ।

প্রথমে কুকুরটিকে দেখতে পান স্থানীয় দুই বাসিন্দা সৈয়দ সাহান ও হেদায়েতউল্লাহ। অপেক্ষা না করে তাঁরা নিজেরাই শুরু করেন উদ্ধারের চেষ্টা। প্রায় এক ঘণ্টা চেষ্টা করেও কুকুরটিকে তুলতে না পেরে তাঁরা খবর দেন সামাজিক ও মানবিক কাজে সক্রিয় স্থানীয় বাসিন্দা ফয়সাল আহমেদ তুহিনকে। তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা করেন। দড়ি, বালতি, মইসহ নানা উপায়ে চেষ্টা করেও সফলতা না আসায় একপর্যায়ে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করা হলে ঘটনাস্থলে আসার কথা জানানো হয়। কিন্তু কিছু সময় পরও দল না আসায় স্থানীয়রা আবার যোগাযোগ করেন। তখন তাঁদের জানানো হয়, ফায়ার সার্ভিসের কর্মীরা যেতে প্রস্তুত থাকলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যাচ্ছে না।

এরপর অনুমতির জন্য শুরু হয় দৌড়ঝাঁপ। স্থানীয়দের ভাষ্য, কিশোরগঞ্জ জেলা অফিস থেকে ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন পর্যায় পর্যন্ত যোগাযোগ করতে হয়। এদিকে কূপের পানিতে থাকা কুকুরটির অবস্থাও ক্রমে দুর্বল হয়ে পড়ছিল। তবে হাল ছাড়েননি স্থানীয়রা। যে যেভাবে পেরেছেন, দড়ি, বালতি, মইসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে যান।

ফয়সাল আহমেদ তুহিনের অভিযোগ, ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথমে তাঁকে বলেন, এ ধরনের উদ্ধারকাজ তাঁদের দায়িত্বের মধ্যে পড়ে না। পরে গাড়ি পাঠাতে হলে খরচ ও জ্বালানি ব্যয় বহন করতে হবে বলেও জানান ওই কর্মকর্তা। প্রাণীটিকে বাঁচাতে প্রয়োজনীয় খরচ বহন করবেন বলে স্থানীয়রা রাজি হন। তবে দ্রুত গাড়ি পাঠানোর অনুরোধ জানালে ওই কর্মকর্তার আচরণও আপত্তিকর ছিল বলে অভিযোগ করেন তিনি।

তবে পুরো ঘটনায় কুলিয়ারচর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের ভাষ্য, স্থানীয় স্টেশনের কর্মীরা শুরু থেকেই উদ্ধারে যেতে প্রস্তুত ছিলেন। ঊর্ধ্বতন পর্যায়ের অনুমতি না পাওয়ায় ঘটনাস্থলে যেতে তাঁদের বিলম্ব হয়।

সময় যত গড়াচ্ছিল, কূপের ভেতরে থাকা কুকুরটির অবস্থাও তত সংকটাপন্ন হয়ে পড়ছিল। খবর ছড়িয়ে পড়লে গ্রামের অধিকাংশ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। কেউ দড়ি, কেউ বালতি, আবার কেউ মই নিয়ে আসেন। একটি অসহায় প্রাণকে বাঁচাতে তখন পুরো গ্রামের মানুষ একসঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।

অবশেষে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সঙ্গে নিয়ে শুরু হয় চূড়ান্ত উদ্ধার অভিযান। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় রাত ১০টা ৪০ মিনিটের দিকে কূপ থেকে জীবিত অবস্থায় কুকুরটিকে উদ্ধার করা হয়।

কুলিয়ারচর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাজেদুল ইসলাম বলেন, ‘প্রথমে আমরা ৯৯৯-এ একটি কল পাই। পরবর্তী সময়ে জেলা ও বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা কূপ থেকে কুকুরটি উদ্ধার করি।’

তবে কুকুর উদ্ধারে খরচ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘এটা ভুয়া কথা। অনেক সময় মানুষ সেন্টিমেন্টাল হয়ে এ ধরনের কথা বলে।’

মোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের মতো জরুরি ঘটনায় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে রওনা হয়। বিশেষ করে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ৩০ সেকেন্ডের মধ্যেই তাঁরা রওনা হতে পারেন। তবে অন্যান্য উদ্ধার অভিযানের ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রস্তুত করে ঘটনাস্থলে যেতে কিছুটা সময় লাগে।

কুলিয়ারচরে কুকুর উদ্ধারের বিষয়ে মোফাজ্জল হোসেন বলেন, ‘কুকুর উদ্ধারের বিষয়টি বিভাগের স্যারের পরামর্শ অনুযায়ী আমরা উদ্ধার করেছি।’ তাঁর ভাষ্য, কুকুর-বিড়ালসহ প্রাণী উদ্ধারের ক্ষেত্রে প্রাণীটি হিংস্র কি না, তা বিবেচনায় নিয়ে স্থানীয় প্রশাসন বা পৌর কর্তৃপক্ষকে অবহিত করার কথা বলা হয়।

মোফাজ্জল হোসেন বলেন, ‘এ ধরনের কাজের ক্ষেত্রে আমাদের তেমন কোনো নির্দেশনা নেই। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকেই এসব কাজ করি।’

একটি বেওয়ারিশ কুকুরকে বাঁচাতে প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের দল পৌঁছানোর আগ পর্যন্ত নিজেদের সামর্থ্য অনুযায়ী তাঁরা উদ্ধারকাজ চালিয়ে যান। শেষ পর্যন্ত প্রাণীটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ