বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করা হয়েছে। এ উপলক্ষে ‘স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট’ শীর্ষক একটি মতবিনিময় সভা বৃহস্পতিবার (৮ অক্টোবর) ইসলামী ব্যাংক ফাউন্ডেশন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মো. জহির হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক এ.এন.এম. মঈনুল কবির, অতিরিক্ত পরিচালক মো. পারভেজ আনজাম মুনীর ও মোহাম্মদ মঈন উদ্দিন এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে.এম. মুনিরুল আলম আল-মামুন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. মাকসুদুর রহমান, আবু সাঈদ মো. ইদ্রিস ও মো. জাকির হোসাইনসহ ইসলামী ব্যাংক ও ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর-এর মাধ্যমে লেনদেনের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. জহির হোসেন বলেন, ক্যাশলেস বাংলাদেশ এবং ডিজিটাল লেনদেন কেবল সময়ের দাবি নয়, বরং আধুনিক ও দক্ষ অর্থনীতি গঠনের মূল ভিত্তি। বাংলাদেশ ব্যাংকের যুগোপযোগী উদ্যোগ বাংলা কিউআরের মাধ্যমে স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ বহনের ঝামেলা ও ভোগান্তি কমছে।
তিনি আরও বলেন, কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা চালুর ফলে কাউন্টারে লেনদেন আরও দ্রুত, সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। ডিজিটাল লেনদেন নিশ্চিত করায় প্রতিটি হিসাবের নির্ভরযোগ্য রেকর্ড থাকে, যা আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ায়।
ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও সবার জন্য সহজলভ্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।