ফেডারেশন কাপের প্রথম রাউন্ডে দারুণ জয় তুলেছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ৫-০ গোলের বড় জয় তুলেছে কিংস। দিনের অন্য ম্যাচে মোহামেডান জিতেছে ৩-১ গোলের ব্যবধানে। তৃতীয় ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ পুলিশ এফসি ও সিটি ক্লাব। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে ৫-০ গোলের জয়ে কিংসের হয়ে দুটি গোল করেছেন মিডফিল্ডার সাব্বির হোসেন। একটি করে গোল করেছেন রবসন রবিনিয়ো, আলমগীর মোল্লা ও মোহাম্মদ আবদুল্লাহ। গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে মোহামেডানের ৩-১ গোলে পাওয়া জয়ে প্রথমে পিছিয়ে পড়েছিল তারা। পরে সৌরভ দেওয়ান, সোহেল রানা এবং সুলেমান দিয়াবাতের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সাদা-কালোরা। আর্জেন্টিনা বংশোদ্ভূত স্প্যানিশ কোচ ফার্নান্দো ভারেলার অধীনে দুই ম্যাচের দুটিতেই জিতেছে দলটি। দিনের অন্য ম্যাচে মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসি ও সিটি ক্লাব ১-১ গোলে ড্র করেছে ম্যাচ। পেনাল্টি থেকে পুলিশ এফসির গোলটি করেছেন রাসুল বা এবং সিটি ক্লাবের হয়ে গোল করেছেন ওকাফোর। ফেডারেশন কাপের প্রথম রাউন্ড শেষে ‘এ’ গ্রুপে শীর্ষে আছে আবাহনী লিমিটেড ঢাকা, দুইয়ে ফকিরাপুল ইয়ং মেন্স ক্লাব। ‘বি’ গ্রুপে শীর্ষে বসুন্ধরা কিংস এবং দুইয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।