1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

দেশের ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের কথা বলে হঠাৎ করেই বন্ধ রাখা হয়েছে ৩০টি বাণিজ্যিক ব্যাংকের কার্ড, এটিএম ও পিওএস সেবা। তবে এত বড় সিদ্ধান্তের আগে বাংলাদেশ ব্যাংককে জানানো হয়নি। এমনকি গ্রাহকদেরও দেওয়া হয়নি আগাম কোনো সতর্কবার্তা।

রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা চলার কথা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত। এতে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম বুথ, সিআরএম, কার্ড ও পিওএস সেবা ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, কিউক্যাশ নেটওয়ার্কের আধুনিকায়ন ও সিস্টেম মাইগ্রেশনের কারণে সাময়িকভাবে এসব সেবা বন্ধ রাখা হয়েছে। তবে একসঙ্গে ৩০টি ব্যাংকের গুরুত্বপূর্ণ আর্থিক সেবা বন্ধের মতো সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংককে না জানানোয় বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সিস্টেম মাইগ্রেশন হতে পারে। তবে এত বড় পদক্ষেপের আগে কেন্দ্রীয় ব্যাংককে আনুষ্ঠানিকভাবে অবহিত করা এবং গ্রাহকদের আগাম জানানো প্রয়োজন ছিল। বিষয়টি গভর্নরও কঠোরভাবে নিয়েছেন বলে জানান তিনি।

এদিকে সেবা বন্ধের পর কয়েকটি ব্যাংক গ্রাহকদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে বিষয়টি জানায়। বার্তায় বলা হয়, ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন নির্দিষ্ট কার্ড ও লেনদেন সেবা বন্ধ থাকবে।

তবে ব্যাংকগুলোর দাবি, অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএস, বাংলা কিউআর এবং বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও উপায়ের মতো মোবাইল আর্থিক সেবার মাধ্যমে লেনদেন চালু রয়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, মাইগ্রেশনের কারিগরি কাজ শেষ হলেই সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক হবে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আগাম ঘোষণা ছাড়া একসঙ্গে ৩০টি ব্যাংকের সেবা প্রায় এক সপ্তাহ বন্ধ রাখা গ্রাহকদের জন্য বড় ধরনের ভোগান্তি তৈরি করেছে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি মানুষের আস্থাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ